কলকাতায় সিবিআই-এর মেগা রেইড! নিউ আলিপুর ও নিউ টাউনে ব্যবসায়ীর ডেরায় হানা, নেপথ্যে বড় ব্যাঙ্ক জালিয়াতি

কলকাতার নিউ আলিপুর ও নিউ টাউন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে সিবিআই-এর (CBI) ব্যাপক তল্লাশি অভিযান। একটি খনি উত্তোলনকারী সংস্থা (Mining Company) কর্তৃক ইউকো ব্যাঙ্ককে ৭.২৫ কোটি টাকা প্রতারণা করার অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। মূলত ‘স্বাতী মাইনিং কোম্পানি’-র প্রমোটার এবং গ্যারান্টার অমিত কুমার কেজরিওয়াল ও শ্রবণ কুমার কেজরিওয়ালের ডেরায় হানা দিয়েছে সিবিআই-এর পাঁচটি দল।
অভিযোগ, অভিযুক্তরা ওয়ার্কিং ক্যাপিটালের অপব্যবহার করে ব্যাঙ্কের টাকা নির্দিষ্ট উদ্দেশ্যের বাইরে অন্য কাজে ব্যবহার করেছেন। এমনকি সেই টাকা এমন কিছু সংস্থায় ট্রান্সফার করা হয়েছে যারা আদতে পাওনাদারই নয়। ইউকো ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে গত ৩০ ডিসেম্বর ২০২৫-এ সিবিআই একটি নতুন মামলা দায়ের করেছিল। এই সংস্থাটি আগে থেকেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি জালিয়াতি মামলাতেও সিবিআই-এর আতসকাঁচের তলায় রয়েছে।
এদিন নিউ আলিপুরের একটি বহুতল আবাসন এবং নিউ টাউনের একাধিক স্থানে তল্লাশি চালিয়ে নথিপত্র এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন গোয়েন্দারা। ২০১৯ সালের জুন মাসে এই অ্যাকাউন্টটি এনপিএ (NPA) হিসেবে ঘোষিত হয়েছিল। তদন্তকারীদের দাবি, জালিয়াতি করা অর্থ এই গোষ্ঠীরই অন্য সহযোগী সংস্থাগুলিতে সরিয়ে দেওয়া হয়েছে। তল্লাশি চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।