বাজেট ২০২৬: নির্মলার ঝুলিতে কি এবার মধ্যবিত্তের জন্য বড় উপহার? করছাড় থেকে বন্দে ভারত— সব নজরে!

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১ ফেব্রুয়ারি সংসদের টেবিলে দেশের ভাগ্য নির্ধারণী বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনের শুরুতেই পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey), যা আগামী এক বছরের অর্থনীতির সম্ভাব্য মানচিত্র তুলে ধরবে। ২০২৫-এর বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত করার পর, এবার করদাতাদের প্রত্যাশা আরও কয়েক ধাপ চড়েছে। নতুন কর ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করতে সীতারামন বড় কোনো ঘোষণা করেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে কর্পোরেট জগৎ থেকে শুরু করে সাধারণ বেতনভুক মানুষ।
এবারের বাজেটে বিশেষ নজর থাকতে চলেছে রেলওয়ের ওপর। বিশেষজ্ঞদের অনুমান, রেল খাতে বরাদ্দ প্রায় ৫ শতাংশ বাড়িয়ে ২.৬৫ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া হতে পারে। রেলের মূল লক্ষ্য এখন কেবল নতুন লাইন স্থাপন বা গেজ রূপান্তর নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উন্নত প্রযুক্তির সাহায্যে যাত্রী নিরাপত্তা ও ট্রেন পরিচালনার আধুনিকীকরণ। বিদ্যুতায়নের কাজ প্রায় শেষ হওয়ায় সরকার এখন ডেডিকেটেড ফ্রেট করিডোর সম্প্রসারণ এবং যানজট নিরসনের দিকে মনোনিবেশ করবে।
রেল বাজেটে কী কী চমক থাকতে পারে? সূত্র মারফত জানা যাচ্ছে, এবারের বাজেটে ২০টি নতুন ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেনের ঘোষণা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রেল দুর্ঘটনা রুখতে ‘কবচ ৪.০’ ও ‘৫.০’ প্রকল্পে বড়সড় আর্থিক বরাদ্দ করা হতে পারে। বয়স্ক নাগরিকদের জন্য রেলে পুরনো ছাড় বা কনসেশন পুনরায় চালু করা এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের ঘোষণা আসার সম্ভাবনা নিয়েও গুঞ্জন তুঙ্গে। ২০৩০ সালের মধ্যে ৩,০০০ মিলিয়ন টন পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেল, যা এই বাজেটের মাধ্যমে পূর্ণতা পেতে পারে। ১ ফেব্রুয়ারি রবিবার হওয়া সত্ত্বেও অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন, যার পর স্পষ্ট হবে কোন জিনিসের দাম বাড়ছে আর কোনটির কমছে।