১০ তলা উঁচুতে জেসিবি চালকের কাণ্ড দেখে থমকে গেল নেটপাড়া

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও সামনে আসে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সম্প্রতি আহমেদাবাদের কালুপুর রেলওয়ে স্টেশন চত্বরের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় ১০ তলা সমান উঁচু একটি বিশাল জলের ট্যাঙ্কের একেবারে মাথায় চড়ে বসেছে একটি জেসিবি (JCB)। শুধু চড়ে বসাই নয়, সেই উচ্চতায় দাঁড়িয়ে অবলীলায় ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে বুলডোজারটি। যা দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন— “উপরে তো উঠল, কিন্তু নামবে কীভাবে?”

ঘটনার নেপথ্যে রয়েছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC)-এর এক দুঃসাহসিক পরিকল্পনা। কালুপুর রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের কাজ চলছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই স্টেশনের পাশে থাকা প্রায় ৭৫ বছরের পুরনো একটি জরাজীর্ণ জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। জনবহুল এলাকা হওয়ায় ট্যাঙ্কটি ডিনামাইট দিয়ে ওড়ানো সম্ভব ছিল না। তাই ক্রেনের সাহায্যে জেসিবি-টিকে সোজাসুজি ট্যাঙ্কের ছাদে তুলে দেওয়া হয়।

মাটির থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে জেসিবি চালক যেভাবে নিখুঁত দক্ষতায় কংক্রিটের কাঠামো ভাঙছেন, তা দেখে অনেকেই চালকের সাহসের প্রশংসা করেছেন। তবে ভিডিওটি দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। নিরাপত্তার তোয়াক্কা না করে এই ‘ঝুঁকিপূর্ণ’ কাজ কীভাবে সম্ভব হলো, তা নিয়ে মজার কমেন্টের পাশাপাশি বিতর্কের ঝড়ও উঠেছে সোশ্যাল মিডিয়ায়।