“এত কম টাকায় এত সুবিধা?” ভারতীয় রেলের প্রেমে মজেছেন বিদেশী যুবক, ভাইরাল ভিডিও

ভারতীয় রেলের আধুনিক রূপ এখন কেবল দেশের মানুষের প্রশংসা কুড়াচ্ছে না, রীতিমতো মুগ্ধ করছে ভিনদেশী পর্যটকদেরও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে আলেকজান্ডার ওয়েল্টার নামক এক জার্মান পর্যটককে ভারতের প্রথম শ্রেণীর এসি কোচে (First Class AC) ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গেছে। ট্রেনের সুযোগ-সুবিধা এবং বিশেষ করে পরিচ্ছন্নতা দেখে তিনি এতটাই অভিভূত যে ভারতীয় রেলের দরাজ প্রশংসা করেছেন।

ইনস্টাগ্রামে ‘alexweldertravels’ হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, আলেকজান্ডার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাঁর যাত্রার প্রস্তুতি দেখাচ্ছেন। ট্রেন আসার পর ভেতরে ঢুকে তিনি বসার আসন, আলোর ব্যবস্থা এবং বাথরুমের পরিচ্ছন্নতা খুঁটিয়ে দেখান। আলেকজান্ডারের দাবি, এত সস্তায় এমন বিশ্বমানের পরিষেবা পাওয়া সত্যিই বিস্ময়কর। ভিডিওটি ইতিমধ্যেই ২ লক্ষের বেশি ভিউ কুড়িয়েছে এবং ৭ হাজারেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন।

তবে ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে যেখানে ভারতীয় রেলের উন্নতির প্রশংসা করেছেন, সেখানেই এক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, “এটি প্রথম শ্রেণী নয়, সাধারণ স্লিপার ক্লাস। সস্তা জিনিসের পেছনে না ছুটে ভারতে এসে কিছু টাকা খরচ করুন এবং আসল বিলাসিতা দেখুন।” অন্য একজন তাঁকে আগামীতে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এ ভ্রমণ করার পরামর্শ দিয়েছেন। বিতর্ক থাকলেও, এই বিদেশীর চোখে ভারতীয় রেলের এই ইতিবাচক ছবি এখন ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দু।

 

View this post on Instagram

 

A post shared by Alexander Welder (@alexweldertravels)