সুরাটে বচ্চনকে ঘিরে উন্মত্ত ভিড়! শাহেনশাহকে বাঁচাতে হিমশিম নিরাপত্তারক্ষীরা, ভাঙল আবাসনের কাঁচ

প্রিয় তারকাকে চোখের সামনে দেখে নিয়ন্ত্রণ হারালেন অনুরাগীরা, আর তাতেই চরম বিপাকে পড়লেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। শুক্রবার গুজরাটের সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক অনভিপ্রেত পরিস্থিতির শিকার হলেন বিগ বি। নিরাপত্তা বলয় ভেঙে উন্মত্ত ভিড় যেভাবে তাঁকে ঘিরে ধরল, তাতে প্রবীণ এই অভিনেতার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
ঘটনাটি ঘটে সুরাটের পাল এলাকার এক বিলাসবহুল আবাসনে। সেখানে নিজের বন্ধু তথা ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অমিতাভ। ফেরার সময় তাঁকে এক ঝলক দেখার জন্য কয়েক হাজার মানুষ ভিড় জমান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, অনুরাগীদের ধাক্কাধাক্কিতে আবাসনের প্রবেশপথের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। ভিড়ের চাপে অমিতাভ বচ্চন কার্যত থমকে যান এবং করজোড়ে ভক্তদের শান্ত হওয়ার অনুরোধ জানান। শেষমেশ নিরাপত্তারক্ষীরা কঠোর পরিশ্রমে তাঁকে গাড়িতে তুলে দেন। এই হুড়োহুড়িতে কয়েকজন অনুরাগী আহত হয়েছেন বলেও খবর।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। আশিোর্ধ্ব একজন শিল্পীর প্রতি ভক্তদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কি প্রিয় তারকার জীবন ঝুঁকিতে ফেলা সাজে?