আইপ্যাকের অফিসে ইডি হানা, তথ্য চুরির অভিযোগে সরব মমতা! রণক্ষেত্র রাজ্য রাজনীতি

আইপ্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশি এবং তাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধারের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইডি তল্লাশির নামে তৃণমূলের গোপন নির্বাচনী তথ্য ও প্রার্থী তালিকা চুরি করে নিয়ে গিয়েছে। এর প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে পথে নামে তৃণমূল কংগ্রেস।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জলপাইগুড়ির হলদিবাড়িতে চরম বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন তৃণমূল নেতা অমিতাভ বিশ্বাস। হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস প্রকাশ্যেই ইডি আধিকারিকদের ‘ডান্ডা মারা’ এবং বিজেপি কর্মীদের ‘গুলি ও ডান্ডা’ মারার হুঁশিয়ারি দেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “নরেন্দ্র মোদী চোর। ইডি আমাদের প্রার্থী তালিকা চুরি করেছে। ওদের পশ্চাৎদেশে ডান্ডা মারা উচিত। বিজেপির চামচাগিরি এখানে চলবে না।”

তৃণমূল নেতার এই ‘হিংসে’র উস্কানি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের জেলা সহ-সভাপতি বুবাই কর পালটা তোপ দেগে বলেন, “শাহজাহানের দল আর মমতার দল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দুর্নীতি ঢাকতেই মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে বাধা দিচ্ছেন এবং তাঁর নেতারা এই ধরণের কুরুচিকর মন্তব্য করছেন।” কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা ও হুমকির এই সংস্কৃতি নিয়ে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ।