বিজেপির ‘দুর্গ’ ভাঙার ব্লু-প্রিন্ট! ভোটের আগে আসামে হাইভোল্টেজ লড়াইয়ের ডাক গৌরব গগৈয়ের

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আসামের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। শুক্রবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ দাবি করেছেন যে, কংগ্রেসের জনসভাগুলিতে উপচে পড়া ভিড় দেখে বিজেপি রীতিমতো আতঙ্কিত। গোলাঘাটে সংবাদসংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিজেপি ভয় পাচ্ছে কারণ তাদের দীর্ঘদিনের দুর্নীতি এবার প্রকাশ্যে আসতে চলেছে।”

কংগ্রেসের হাই-প্রোফাইল রণকৌশল দিল্লি থেকে কংগ্রেস হাইকম্যান্ডও এবার আসাম জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আসামের জন্য বিশেষ পর্যবেক্ষক হিসেবে কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং বর্ষীয়ান নেতা বন্ধু তির্কি-কে নিয়োগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারে বিপর্যয়ের পর কংগ্রেস পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু এবং কেরলে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে এই ‘হেভিওয়েট’ নেতাদের ময়দানে নামিয়েছে।

চ্যালেঞ্জ যখন অস্তিত্বের বিহার নির্বাচনে ৬১টি আসনের মধ্যে মাত্র ৬টিতে জয়ী হওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া কংগ্রেস। অন্যদিকে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলে বিজেপি এখনও সেভাবে দাঁত ফোটাতে পারেনি। এই পরিস্থিতিতে আসাম কংগ্রেসের এই আক্রমণাত্মক মেজাজ এবং গগৈয়ের ‘দুর্নীতি’র তুরুপের তাস নির্বাচনের লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।