খোলার ৩০ মিনিটে কেল্লাফতে! ভারত কোকিং কোল আইপিও-তে টাকার বৃষ্টি, আপনি কি কিনবেন?

২০২৫ সালে রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’ যেমন বক্স অফিসে ঝড় তুলেছিল, ২০২৬-এর শুরুতে দাপট দেখাচ্ছে সরকারি মালিকানাধীন কোম্পানি ‘ভারত কোকিং কোল লিমিটেড’ (BCCL)। কোল ইন্ডিয়ার এই সাবসিডিয়ারি কোম্পানির ১,০৭১ কোটি টাকার আইপিও শুক্রবার বাজারে আসতেই বিনিয়োগকারীদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। খোলার মাত্র ৩০ মিনিটের মধ্যেই আইপিও-টি সম্পূর্ণ সাবস্ক্রাইব হয়ে ইতিহাস তৈরি করেছে।

বিনিয়োগকারীদের উন্মাদনা ও গ্রেমার্কেট রিপোর্ট সকাল ১০:৩০ নাগাদ ইস্যুটি ১.১২ বার ওভারসাবস্ক্রাইব হয়ে যায়। এর মধ্যে খুচরো বিনিয়োগকারী এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (HNI) উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনানুষ্ঠানিক বা গ্রে-মার্কেটে (GMP) শেয়ারটি ইতিমধ্যেই ইস্যু মূল্যের চেয়ে প্রায় ৫০% বেশি দামে লেনদেন হচ্ছে। অর্থাৎ, তালিকাভুক্তির দিনেই লগ্নিকারীদের পকেটে বড় অঙ্কের মুনাফা আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

আইপিও-র খুঁটিনাটি আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত এই আইপিও-তে আবেদন করা যাবে। কোল ইন্ডিয়া এই ইস্যুর মাধ্যমে তাদের শেয়ার বিক্রি (OFS) করছে। শেয়ারের প্রাইস ব্যান্ড রাখা হয়েছে মাত্র ২১-২৩ টাকা। ন্যূনতম ৬০০টি শেয়ারের জন্য (এক লট) আবেদন করতে হবে। সফল আবেদনকারীরা এনএসই (NSE) এবং বিএসই (BSE) উভয় এক্সচেঞ্জেই শেয়ারটি কেনাবেচা করতে পারবেন।

কেন এই কোম্পানিতে ভরসা করবেন? ভারত কোকিং কোল ভারতের বৃহত্তম কোকিং কয়লা উৎপাদনকারী সংস্থা, যা মূলত ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয়। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে এই কোম্পানির ৩৪টি খনি রয়েছে। এটি একটি সম্পূর্ণ ঋণমুক্ত এবং লাভজনক সরকারি সংস্থা। আনন্দ রাঠি রিসার্চের মতো বিশেষজ্ঞরা লিস্টিং গেইন বা দ্রুত লাভের জন্য এই আইপিও-তে আবেদনের পরামর্শ দিয়েছেন। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের চেয়ে স্বল্পমেয়াদী আয়ের জন্যই এটি বেশি আকর্ষণীয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।