“আগ্রাসন হলে সরাসরি পালটা হামলা!” ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুদ্ধের দামামা?

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ‘দখলে’র প্রকাশ্য হুমকি বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। শুক্রবার ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে জানিয়েছে, ডেনিশ ভূখণ্ডে কোনো বিদেশি শক্তি আগ্রাসনের চেষ্টা করলে সেনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অপেক্ষা না করেই সরাসরি পাল্টা আক্রমণ চালাবে। ১৯৫২ সালের শীতল যুদ্ধের অভিজ্ঞতায় বলবৎ থাকা এই বিশেষ আইনটি মূলত হঠাৎ হামলা প্রতিরোধে ব্যবহার করা হয়।

ট্রাম্পের দাবি, রাশিয়া ও চিনের সামরিক উপস্থিতি মোকাবিলায় গ্রিনল্যান্ডকে ‘পুরোপুরি দখলে’ রাখা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কৌশলগতভাবে জরুরি। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, “এক ন্যাটো দেশ যদি অন্য ন্যাটো দেশকে আক্রমণ করে, তবে ন্যাটোর অস্তিত্বই শেষ হয়ে যাবে।”

আর্কটিক সার্কেলের খনিজ সম্পদ ও সামুদ্রিক রুটের ওপর আধিপত্য বিস্তারের এই লড়াই এখন ওয়াশিংটনের দরবারে পৌঁছেছে। আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। সামরিক ও কূটনৈতিক এই টানাপোড়েন বিশ্বজুড়ে নতুন সংকটের জন্ম দেবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।