পাহাড়ই গিলে খেলেন বিজেপি নেতা! অবৈধ খনিতে আস্ত পাহাড় সমতল করার অভিযোগে ৫৪ কোটির জরিমানা

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় অবৈধ খনির এক হাড়হিম করা চঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। খোদ বিজেপি মণ্ডল সভাপতি ও তাঁর ভাইদের বিরুদ্ধে আস্ত একটি পাহাড় ডিনামাইট দিয়ে উড়িয়ে সমতল করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নজিরবিহীন ঘটনায় জেলাশাসক রবীন্দ্র কুমার চৌধুরী অভিযুক্ত বিজেপি নেতা ভেনাস গোয়েল, তাঁর ভাই রাজেশ গোয়েল এবং ভবেশ গোয়েলের ওপর ৫৪ কোটি ৫৮ লক্ষ টাকার বিশাল জরিমানা আরোপ করেছেন।

ঘটনাটি ঘটেছে কারাইরা তহসিলের ১৮৯৮ নম্বর জরিপ এলাকায়। অভিযোগ, ভারী যন্ত্রপাতি ও ব্লাস্টিং ব্যবহার করে ‘চাঙ্গিজ পাহাড়’ নামক একটি প্রাকৃতিক পাহাড়কে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর দিলীপ সিং যাদব বারবার অভিযোগ করেছিলেন যে, অবৈধভাবে আবাসন বা প্লটিং করার জন্য এই পাহাড়টিকে রাতারাতি গায়েব করে দেওয়া হচ্ছে। এর ফলে সরকারের যেমন কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, তেমনই ব্লাস্টিংয়ের জেরে স্থানীয়দের বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তদন্তে নেমে খনিজ বিভাগ জানতে পারে, প্রায় ১,৮১,৯৪৪ ঘনমিটার মুরুম ও বোল্ডার অবৈধভাবে খনন করা হয়েছে। মধ্যপ্রদেশ খনিজ বিধি ২০২২ অনুযায়ী, রয়্যালটির ১৫ গুণ জরিমানা এবং সমপরিমাণ পরিবেশগত ক্ষতিপূরণ মিলিয়ে এই বিপুল অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। জেলাশাসকের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে এই টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ কলোনি তৈরির চেষ্টা চললে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হবে।