পকেটে সেলাই মেশিন! বড় বড় দর্জিদেরও টেক্কা দিচ্ছে এই খুদে যন্ত্র, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

প্রযুক্তির উন্নতির সাথে সাথে এখন ঘণ্টার কাজ হচ্ছে মিনিটে। কিন্তু পকেটে রাখা যায় এমন সেলাই মেশিনের কথা কি আগে কখনো ভেবেছেন? সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি খুদে মেশিনের ভিডিও ভাইরাল হয়েছে, যা প্রথম নজরে দেখে যে কেউ স্ট্যাপলার ভেবে ভুল করতে পারেন। কিন্তু ব্যবহারের ধরণ দেখে বড় বড় দর্জিদেরও চোখ কপালে ওঠার জোগাড়। একটি ছোট গ্যাজেট দিয়েই যে এত নিখুঁতভাবে কাপড় সেলাই করা সম্ভব, তা দেখে অবাক নেটিজেনরা।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক রাস্তার বিক্রেতা ভিড়ের মাঝে অদ্ভুত এক জিনিস বিক্রি করছেন। দেখতে হুবহু স্ট্যাপলারের মতো হলেও তিনি দেখাচ্ছেন কীভাবে এটি দিয়ে মুহূর্তের মধ্যে কাপড় সেলাই করা যায়। কোনো ভারী মেশিন ছাড়াই শুধু হাতের চাপে স্ট্যাপলার করার মতো করে এটি দিব্যি সেলাই করে চলেছে। বিক্রেতা জানিয়েছেন, এই পোর্টেবল সেলাই মেশিনটির দাম মাত্র ১০০ টাকা। থ্রেডিং বা ভারী যান্ত্রিক ঝক্কি ছাড়াই ছোটখাটো মেরামতের জন্য এটি এক কথায় অনবদ্য।

টুইটারে @Aadil_one51 নামক অ্যাকাউন্ট থেকে এই ৩৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, “এটি সত্যিই ছোট প্যাকেজে বড় ধামাকা।” ইতিমধ্যেই ভিডিওটি ২ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। কেউ মন্তব্য করেছেন, “ভারত সত্যিই জুগাড়ে এগিয়ে,” আবার কেউ জানতে চেয়েছেন, “ভাই, এটা কোথায় পাওয়া যাবে?” যাতায়াতের পথে বা আপৎকালীন প্রয়োজনে জামাকাপড় ছিঁড়ে গেলে এই ১০০ টাকার যন্ত্রটি যে লাইফ-সেভার হতে পারে, তা বলাই বাহুল্য।