দেশের ইতিহাসে নজিরবিহীন! ইডির বিরুদ্ধে থানায় স্বয়ং মুখ্যমন্ত্রী, মমতার জোড়া এফআইআর-এ তোলপাড়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল কলকাতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর বিরুদ্ধে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কলকাতার শেক্সপীয়র সরণি থানা এবং বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন দিল্লির একটি আর্থিক তছরুপের মামলায় প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি চলাকালীন অভাবনীয়ভাবে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ইডি আধিকারিকরা কোনো বৈধ অনুমতি ছাড়াই তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি, ল্যাপটপ এবং মোবাইলের তথ্য বেআইনিভাবে হাতিয়ে নিয়েছে। এই ‘চুরি’ ও ‘জোরপূর্বক প্রবেশের’ অভিযোগেই ইডির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যদিও এফআইআর-এ কোনো নির্দিষ্ট আধিকারিকের নাম নেই।
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, “এক ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী পদের মর্যাদা ক্ষুণ্ণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক অধ্যায়। তবে তৃণমূলের দাবি, গণতান্ত্রিক কাঠামোর তোয়াক্কা না করে এজেন্সি দিয়ে রাজনীতি করছে বিজেপি, যার যোগ্য জবাব দিচ্ছেন মুখ্যমন্ত্রী।