“আমরা বেশি প্রস্তুতি নিয়েছিলাম”, পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয় নিয়ে মুখ খুললেন রবিন উথাপ্পা

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সেই মহারণের আগে ২০০৭ সালের স্মৃতি উসকে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা রবিন উথাপ্পা। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ‘SA20’ লিগে ধারাভাষ্যকারের কাজ করছেন তিনি। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দাঁড়িয়ে উথাপ্পা মনে করিয়ে দিলেন সেই রোমাঞ্চকর টাই ম্যাচ এবং পরবর্তী ‘বোল-আউট’-এর কথা, যেখানে ধোনি-বাহিনীর নিখুঁত লক্ষ্যভেদে পরাস্ত হয়েছিল পাকিস্তান। উথাপ্পা বলেন, “বোল-আউট নিয়ে আমরা বেশি কথা বলি না, কিন্তু সত্যিটা হলো আমরা বিপক্ষের চেয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়েছিলাম।”

অন্যদিকে, আসন্ন সিরিজের জন্য বঢোদরায় প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। বিরাট কোহলি, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল ও তরুণ হর্ষিত রানারা বৃহস্পতিবার থেকেই নেটে ঘাম ঝরানো শুরু করেছেন। কোহলি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ছবি পোস্ট করে সমর্থকদের বার্তা দিয়েছেন।

তবে বঢোদরায় কোহলিকে ঘিরে উন্মাদনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল। বুধবার বিমানবন্দরে বিরাটকে একঝলক দেখতে এবং স্পর্শ করতে হাজার হাজার ভক্ত ভিড় জমান। পরিস্থিতি এতটাই জটিল হয় যে কার্যত ঠেলাঠেলি শুরু হয়ে যায়। আরসিবির আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনার স্মৃতি টাটকা থাকলেও, সমর্থকদের উন্মাদনায় তাতে ভাঁটা পড়েনি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কোনোমতে বিরাটকে হোটেলে পৌঁছে দেয় পুলিশ।