বিশ্বকাপে ভারত বয়কটের ডাক! ম্যাচ সরাতে আইসিসি-কে ফের কড়া চিঠি বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মুখে ভারতের মাটিতে খেলতে আসা নিয়ে চরম নাটকীয়তা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং অভ্যন্তরীণ অশান্তি নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনা চলছে, ঠিক সেই সময়েই ভারতে নিরাপত্তার অভাব বোধ করছে ওপার বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবিতে ফের আইসিসি-কে দ্বিতীয়বার চিঠি পাঠাল বিসিবি।

মূলত মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে ছেড়ে দেওয়ার বিসিসিআই-এর নির্দেশের পরই সুর চড়াতে শুরু করে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে তাদের ক্রিকেটার, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত নয়। অথচ পাকিস্তানসহ বিশ্বের বাকি সব দল ভারতে খেলতে কোনো আপত্তি জানায়নি। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা থাকলেও, বিসিবি এখন শ্রীলঙ্কাকে বেছে নিতে চাইছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তার এই অজুহাত আদতে হাস্যকর এবং এর পিছনে রাজনৈতিক কোনো অভিসন্ধি বা তৃতীয় কোনো দেশের উস্কানি থাকতে পারে। আইসিসি ইতিমধ্যেই প্রথম দফার আবেদন খারিজ করে দিলেও বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড়। এই জেদের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে আইসিসি তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।