স্কুল ফি-তে লাগাম! দিল্লি হাইকোর্টের বড় রায়, প্রাইভেট স্কুলগুলিকে মানতেই হবে সরকারি নির্দেশ!

বেসরকারি স্কুলগুলির যথেচ্ছ ফি বৃদ্ধি রুখতে দিল্লি সরকারের নয়া পদক্ষেপে সিলমোহর দিল দিল্লি হাইকোর্ট। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য দিল্লির প্রতিটি স্কুলে একটি ‘ফি নিয়ন্ত্রণ কমিটি’ (SLFRC) গঠনের যে নির্দেশিকা সরকার জারি করেছিল, তাতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়া-এর বেঞ্চ। আদালতের স্পষ্ট বক্তব্য, এটি একটি বিধিবদ্ধ আইন এবং স্বচ্ছতা বজায় রাখতে স্কুলগুলিকে এই নিয়ম মানতেই হবে।

কী এই নতুন নিয়ম? দিল্লি স্কুল শিক্ষা (ফি নির্ধারণ ও নিয়ন্ত্রণে স্বচ্ছতা) আইন, ২০২৫-এর অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, স্কুলগুলিকে একজন চেয়ারপারসন, অধ্যক্ষ, পাঁচজন অভিভাবক, তিনজন শিক্ষক এবং শিক্ষা দপ্তরের প্রতিনিধিসহ মোট ১১ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটিই ঠিক করবে আগামী শিক্ষাবর্ষের ফি কাঠামো কী হবে। স্কুলগুলি নিজেদের ইচ্ছামতো ফি বাড়িয়ে অভিভাবকদের ওপর চাপ সৃষ্টি করতে পারবে না।

আদালতের পর্যবেক্ষণ ও সময়সীমা বৃদ্ধি বেসরকারি স্কুলগুলির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিকে ‘বেআইনি’ বলে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। প্রবীণ আইনজীবী মুকুল রোহাতগি যুক্তি দেন যে, এই প্রক্রিয়া অত্যন্ত তড়িঘড়ি করা হচ্ছে। তবে আদালত সাফ জানায়, এটি একটি এককালীন ব্যবস্থা এবং জনস্বার্থে এটি প্রয়োজন। সরকারও কিছুটা নমনীয় হয়ে কমিটি গঠনের সময়সীমা ১০ জানুয়ারি থেকে বাড়িয়ে ২০ জানুয়ারি করেছে এবং ফি প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে।

আগামী ১২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত জানিয়েছে, কমিটির নেওয়া সিদ্ধান্তগুলি মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে। তবে আপাতত স্কুলগুলিকে সরকারি নির্দেশ মেনে কমিটি গঠন করতেই হচ্ছে, যা দিল্লির লক্ষ লক্ষ অভিভাবকের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।