পিঁপড়ের হাতে হাতির জব্দ! গণ্ডারের সঙ্গে লড়তে নামল পুঁচকে হরিণ, ভিডিও দেখলে হেসে লুটোপুটি খাবেন!

সোশ্যাল মিডিয়ায় বন্যপ্রাণীর ভিডিও মানেই একরাশ বিস্ময়। কখনও বাঘ-সিংহের লড়াই, আবার কখনও শিকারীর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা— ইন্টারনেটে এমন ভিডিওর অভাব নেই। তবে বর্তমানে একটি ভিডিও নেটিজেনদের মন জয় করে নিয়েছে, যেখানে অসম লড়াইয়ের এক অদ্ভুত ছবি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পুঁচকে মুন্টজ্যাক (এক প্রজাতির ছোট হরিণ) তার চেয়ে আকারে কয়েক গুণ বড় এবং শক্তিশালী এক গণ্ডারকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে!
একরত্তি প্রাণীর গর্জনে পিছু হঠল দানব! ভিডিওটি পোল্যান্ডের একটি চিড়িয়াখানার বলে জানা গিয়েছে। সেখানে দেখা যায়, বিশালকায় এক গণ্ডার আর একরত্তি মুন্টজ্যাক একে অপরের মুখোমুখি। মুন্টজ্যাক হরিণকে অনেকে ‘বার্কিং ডিয়ার’ বা ‘মায়ূর’ বলেও ডাকেন, কারণ এরা কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করতে পারে। ভিডিওতে দেখা যাচ্ছে, এই পুঁচকে প্রাণীটি নিজের ক্ষুদ্র শরীর নিয়েই গণ্ডারটিকে ভয় দেখানোর চেষ্টা করছে। অবাক করা বিষয় হলো, সেই বিশাল গণ্ডারটি পাল্টা আক্রমণ তো দূর, উল্টে ভয় পাওয়ার ভান করে পিছু হঠছে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে গণ্ডারটি তখন খেলার মেজাজে ছিল, যা দেখে মনে হচ্ছে যেন একটি ছোট শিশুর সাথে এক দানব লুকোচুরি খেলছে।
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল পোল্যান্ডের এই মজার ভিডিওটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ (টুইটার) ‘@KnightCziwi’ নামক হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। মাত্র ২৮ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে ১.৩ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন। ৪৫ হাজারেরও বেশি লাইক পড়েছে এই ভিডিওতে।
কমেন্ট বক্সে নেটিজেনরা মজার সব মন্তব্য করছেন। একজন লিখেছেন, “একজন পুঁচকে চাইনিজ মুন্টজ্যাক এত সাহস পায় কোথায়? এটাই প্রকৃতির আসল রূপ!” অন্য একজন মন্তব্য করেছেন, “সব বড় প্রাণীই যে সবসময় হিংস্র হয় না, এই ভিডিও তারই প্রমাণ।” গণ্ডার এবং হরিণের এই মিষ্টি বন্ধুত্বের দৃশ্যটি সত্যিই মন ভালো করে দেওয়ার মতো।