ইডির বিরুদ্ধে চুরির FIR মমতার! আই-প্যাক কাণ্ডে নজিরবিহীন সংঘাতে পুলিশ বনাম কেন্দ্রীয় এজেন্সি

আই-প্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশি অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে বেনজির সংঘাত শুরু হলো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ‘নথি ও তথ্য চুরির’ অভিযোগে এবার সরাসরি এফআইআর (FIR) দায়ের করল তৃণমূল কংগ্রেস ও আই-প্যাক কর্তৃপক্ষ। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মেইল করে এই অভিযোগ জানিয়েছেন। এর পাশাপাশি শেক্সপিয়র সরণি থানাতেও পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ইডি আধিকারিকদের বিরুদ্ধে তথ্য চুরি, পুলিশকে কাজে বাধা দেওয়া এবং অবৈধভাবে প্রবেশের মতো গুরুতর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তৃণমূলের দাবি, তল্লাশির নামে আসলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি হাতিয়ে নিয়েছে ইডি। এই কেন্দ্রীয় ‘অতি-সক্রিয়তার’ প্রতিবাদে আজ শুক্রবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে শাসক দল, যা ভোটমুখী বাংলায় রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।