আই-প্যাক অফিসে ইডির হানা, ছুটে গেলেন মমতা! ‘নথি চুরির’ অভিযোগে মমতার পদত্যাগ চাইলেন শমীক

কয়লা পাচার মামলার তদন্তে বৃহস্পতিবার সল্টলেকের আই-প্যাক (I-PAC) অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তল্লাশি চালাতেই রণক্ষেত্র হয়ে উঠল রাজ্য রাজনীতি। তবে তল্লাশির চেয়েও বেশি চর্চা শুরু হয়েছে ইডি আধিকারিকদের উপস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে পৌঁছে যাওয়া নিয়ে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সংস্থার কাজ চলাকালীন মুখ্যমন্ত্রী সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি ও হার্ড ডিস্ক সরিয়ে নিয়েছেন।
এই ঘটনাকে ‘ক্ষমতার চরম অপব্যবহার’ বলে দাগিয়ে দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক পদের অপব্যবহার করে তদন্তে বাধা দিয়েছেন। এরপর তাঁর পদে থাকার আর কোনও নৈতিক অধিকার নেই।” ইডির বিবৃতির রেশ টেনে বিজেপি দাবি করেছে, তৃণমূল এখন চরম আতঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের গতিবিধি দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেই এমন নজিরবিহীন আচরণ করছেন। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এই তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলা হলেও, মুখ্যমন্ত্রীর সশরীরে হাজিরা বিতর্ককে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।