পাঞ্জাবে এবার ‘গ্যাংস্টার রাজ’ খতমের পালা! কেজরিওয়ালের হুঙ্কারে কাঁপছে অপরাধী সাম্রাজ্য

মাদক বিরোধী লড়াইয়ের সাফল্যের পর এবার পাঞ্জাব থেকে গ্যাংস্টার ও তাদের নেটওয়ার্ক পুরোপুরি নির্মূল করার ডাক দিলেন আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার পাঞ্জাবের নবনির্বাচিত জেলা পরিষদ ও ব্লক কমিটির সদস্যদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি সাফ জানান, মাদকের মতোই গ্যাংস্টারদের বিরুদ্ধেও আপ সরকার আপসহীন যুদ্ধ শুরু করবে।

গণতন্ত্রের জয় ও কাজের রাজনীতি: কেজরিওয়াল বলেন, “পাঞ্জাবের মানুষ প্রমাণ করেছেন তাঁরা কেবল উন্নয়নের রাজনীতি বোঝেন। জিলা পরিষদ ও ব্লক কমিটি নির্বাচনে ৭০ শতাংশেরও বেশি আসনে আপ-এর জয়ই তার প্রমাণ।” তিনি আরও যোগ করেন, অতীতের কংগ্রেস বা আকালি শাসনের মতো কোনও জোরজবরদস্তি ছাড়াই এই নির্বাচন হয়েছে। অনেক আসনে বিরোধীরা মাত্র ১ ভোটে জিতেছে, যা প্রমাণ করে নির্বাচনে স্বচ্ছতা ছিল। এবার দলের লক্ষ্য হলো ৩8 শতাংশ ভোটব্যাঙ্ককে ৪৫ শতাংশে নিয়ে যাওয়া।

শিক্ষা ও স্বাস্থ্যই মূল অস্ত্র – ভগবন্ত মান: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কংগ্রেস ও আকালি দলকে তীব্র আক্রমণ করে বলেন, “বিরোধী দলগুলোর কাছে কোনও এজেন্ডা নেই। তাঁরা কেবল ক্ষমতার লোভে বসে আছে। কিন্তু মানুষ জানে কারা কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎকে আমরাই রাজনীতির মূল আলোচনায় নিয়ে এসেছি।” আকালি দলকে খোঁচা দিয়ে তিনি বলেন, আসন্ন মাঘী সম্মেলনের জন্য বক্তা খুঁজে পাচ্ছে না তাঁরা।

গ্রামীণ উন্নয়নে জোর সিসোদিয়ার: দলের বরিষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া নবনির্বাচিত প্রতিনিধিদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “পাঞ্জাবের প্রাণভোমরা হলো গ্রাম। গ্রামীণ উন্নয়নের তহবিলের কোনও অভাব হবে না। প্রতিটি পরিবার যাতে দ্রুত স্বাস্থ্য কার্ড পায়, তার জন্য পঞ্চায়েত স্তরে সমন্বয় বাড়াতে হবে।” মাদকের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণেরও প্রশংসা করেন তিনি।