Weather: কালিম্পংয়ের চেয়ে বাঁকুড়ায় বেশি ঠান্ডা,জেনেনিন আপনার জেলার কী খবর?

কলকাতা: নতুন বছরের শুরুতেই শীতের দাপুটে ব্যাটিং! গোটা বাংলায় এখন চলছে কনকনে ঠান্ডার ‘পাওয়ার প্লে’। শৈত্যপ্রবাহের দাপটে ৮ থেকে ৮০—জবুথবু অবস্থা আট থেকে আশির। গত কয়েকদিনের রেকর্ড ভেঙে আজও তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে। আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, এখনই নিস্তার নেই এই কনকনে ঠান্ডা থেকে।

কলকাতায় রেকর্ড পতন আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। তবে সল্টলেক ও দমদমের পরিস্থিতি আরও ভয়াবহ। সল্টলেকে পারদ নেমেছে ১১.৫ ডিগ্রিতে এবং দমদমে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ১১ ডিগ্রি সেলসিয়াস

জেলায় জেলায় বরফশীতল আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠান্ডার দাপট কার্যত শৈত্যপ্রবাহের আকার নিয়েছে। দেখে নিন একনজরে আজকের তাপমাত্রা:

  • শ্রীনিকেতন: ৭ ডিগ্রি (রাজ্যের শীতলতম স্থানগুলোর মধ্যে অন্যতম)

  • বাঁকুড়া ও বিষ্ণুপুর: ৭.১ ডিগ্রি

  • বহরমপুর: ৮ ডিগ্রি

  • আসানসোল: ৯.২ ডিগ্রি

  • পুরুলিয়া ও দিঘা: ১০ ডিগ্রি (আশেপাশে)

উত্তরে কাঁপন, দার্জিলিং নজরকাড়া উত্তরবঙ্গের পর্যটকরা এখন জমিয়ে শীত উপভোগ করছেন। দার্জিলিং-এর পারদ নেমেছে ২.৮ ডিগ্রিতে। কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদাতেও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে।

আগামী দু’দিন কী হবে? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত রাজ্যে এই কনকনে শীতের আমেজ বজায় থাকবে। তবে রবিবার থেকে আবহাওয়ায় বড়সড় রদবদল হতে পারে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আগামী সপ্তাহের শুরুতে শীতের দাপট সামান্য কমতে পারে।

কুয়াশার সতর্কতা শীতের কামড়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। ভোরের দিকে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে হাইওয়েতে গাড়ি চালকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।