ভেঙে মাটিতে গুঁড়িয়ে দিয়েছিল ভারত, সেই JF-17 যুদ্ধবিমানই কিনছে বাংলাদেশ!

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বড়সড় পটপরিবর্তনের ইঙ্গিত। ভারতের আকাশসীমায় যে যুদ্ধবিমানকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা, পাকিস্তানের সেই বিতর্কিত জেএফ-১৭ (JF-17 Thunder) যুদ্ধবিমান এবার কিনতে চলেছে বাংলাদেশ। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

ভারতের কাছে ডাহা ফেল পাক প্রযুক্তি

স্মরণ করা যেতে পারে ২০২৫ সালের মে মাসের সেই উত্তপ্ত পরিস্থিতির কথা। পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তান সীমান্তে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারত। সেই সময় চিনের সহায়তায় তৈরি এই জেএফ-১৭ বিমান দিয়ে ভারতকে পাল্টা আঘাতের চেষ্টা করেছিল শেহবাজ শরিফের দেশ। কিন্তু ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক কৌশলের সামনে কার্যত ধোপে টেকেনি পাক-বিমানগুলি। একের পর এক বিমান ধ্বংস হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তানের প্রযুক্তি।

ইসলামাবাদে রুদ্ধদ্বার বৈঠক

এত বড় ব্যর্থতার পরেও সেই বিমানটিকেই বাংলাদেশের কাছে বিক্রি করার তোড়জোড় শুরু করেছে ইসলামাবাদ। গত মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ করে জেএফ-১৭ থান্ডার বিমান ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পাকিস্তান-বাংলাদেশ নয়া সমীকরণ

১৯৭১-এর রক্তক্ষয়ী যুদ্ধের পর কয়েক দশক দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক থাকলেও, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মহম্মদ ইউনূসের জমানায় পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যিক যোগাযোগ নজিরবিহীনভাবে বাড়ছে। ভারতের হাতে পর্যুদস্ত হওয়া একটি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত সেই ঘনিষ্ঠতারই বড় প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে?

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, জেএফ-১৭ বিমানে যান্ত্রিক ত্রুটি এবং পারফরম্যান্স নিয়ে খোদ পাকিস্তানের ভেতরেই অসন্তোষ রয়েছে। সেখানে দাঁড়িয়ে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশের থেকে এই ধরণের ‘ব্যর্থ’ সমরাস্ত্র কেনা বাংলাদেশের আকাশপথের সুরক্ষাকে কতটা মজবুত করবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।