সুনালির ছেলের কী নাম রাখলেন অভিষেক? নামকরণেও দিলেন তাত্পর্যময় বার্তা

রাজনীতির লড়াইয়ের মাঝে ফুটে উঠল এক মানবিক ছবি। বীরভূমের রামপুরহাটে ‘রণসংকল্প’ সভা শেষ করেই সোজা হাসপাতালে ছুটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে দেখা করলেন বর্ধমানের নির্যাতিতা সেই মা, সুনালি বিবির সঙ্গে। শুধু দেখাই নয়, সুনালি ও তাঁর মায়ের বিশেষ অনুরোধে সদ্যোজাত পুত্রসন্তানের নামকরণও করলেন সাংসদ। শিশুটির নাম রাখা হয়েছে— ‘আপন’।
কেন এই নাম? হাসপাতাল থেকে বেরিয়ে আবেগঘন কণ্ঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “সুনালি ও তাঁর মা অনুরোধ করেছিলেন বাচ্চার নাম রাখতে। আমি ওর নাম রেখেছি ‘আপন’। কারণ, যেভাবে ওঁদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, তা কল্পনাতীত। এই মানুষগুলো আমাদের মা-মাটি-মানুষের আপনজন। তাই এই নাম।” সংক্রমণের আশঙ্কায় চিকিৎসকদের পরামর্শ মেনে প্রোটোকল বজায় রেখে তিনি সদ্যোজাতর খুব কাছে যাননি ঠিকই, তবে দীর্ঘক্ষণ কথা বলেন সুনালি বিবির সঙ্গে।
বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক: এদিন হাসপাতাল চত্বর থেকেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ অন্তঃসত্ত্বা সুনালি বিবিকে চূড়ান্ত হেনস্তা করে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়েছিল।
অভিষেক এদিন বলেন:
“বাংলা বলার অপরাধে একজন মাকে তাঁর সন্তান-সহ ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর কেন্দ্র তাঁদের ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। এই যে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে, বিজেপিকে এই চোখের জলের দাম দিতে হবে।”
পিছনের প্রেক্ষাপট: উল্লেখ্য, সোমবারই রামপুরহাট মেডিক্যাল কলেজে পুত্রসন্তানের জন্ম দেন সুনালি বিবি। হেলিকপ্টারের যান্ত্রিক বিভ্রাটের কারণে অভিষেকের বীরভূমে পৌঁছতে কিছুটা দেরি হলেও, আগে দেওয়া কথা রাখতে সভা শেষ করেই তিনি হাসপাতালে যান। সুনালি বিবির ওপর হওয়া ‘অত্যাচার’ ও বাঙালির স্বাভিমানকে এই মুহূর্তে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, যা অভিষেকের এদিনের পদক্ষেপে আরও স্পষ্ট হয়েছে।