বিধানসভা ভোটের আগেই মোদি-ঝড়! জানুয়ারিতেই বাংলায় জোড়া সভা প্রধানমন্ত্রীর, লক্ষ্য কি সিঙ্গুর?

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত বাংলার রাজনীতি। নতুন বছরের শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন র্যাম্প মঞ্চে ভোট প্রচার শুরু করেছেন, ঠিক তখনই পাল্টা চাল দিতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পর পর দু’দিন রাজ্যে মেগা জনসভা করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে দ্বিতীয় সভাটি হুগলির সিঙ্গুরে করার জন্য সর্বোচ্চ পর্যায়ের তৎপরতা শুরু করেছে গেরুয়া শিবির।
বিজেপি সূত্রের খবর, ১৭ জানুয়ারি মালদহে সভা করবেন মোদি। তবে ১৮ তারিখের সভাটি হাওড়ার বদলে সিঙ্গুরে করার জন্য বিশেষ জোর দিচ্ছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, সিঙ্গুরে সভা করার পেছনে রয়েছে সুগভীর কৌশল। সিঙ্গুর আন্দোলন একসময় বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবার সেই সিঙ্গুরকেই শিল্পায়ন ও কর্মসংস্থানের ইস্যু হিসেবে ব্যবহার করে তৃণমূলকে চাপে ফেলতে চায় বিজেপি। টাটাকে ফেরানোর ‘স্বপ্ন’ এবং কর্মসংস্থানের অভাবকে সামনে রেখে মোদি বড় কোনো ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই রাজ্যের শিল্প পরিস্থিতি এবং ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজিবিএস-কে একটি ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করে দাবি করেছেন, ৫০০ কোটি টাকা খরচ হলেও বিনিয়োগ এসেছে শূন্য। এই আবহেই মোদির সিঙ্গুর সফরের পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও সিঙ্গুরে সভার বিষয়ে এখনও চূড়ান্ত সিলমোহর দেয়নি প্রধানমন্ত্রীর দফতর, তবে প্রস্তাব পাঠানো হয়েছে এবং সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে রাজ্য বিজেপি।