‘আমাকে খুশি করা জরুরি’, ট্রাম্পের নিশানায় মোদি! ফের একবার ভারতীয় পণ্যে বাড়তি শুল্কের খাঁড়া?

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ‘কিডন্যাপ’ করে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেওয়ার পর এবার ভারতের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের ওপর আরও কড়া শুল্ক (Tariff) চাপানোর স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেই ট্রাম্পের এই বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সাফ জানান, রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তিনি অত্যন্ত অখুশি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি জানেন আমি এই বিষয়ে কতটা অসন্তুষ্ট। আমাকে এই ইস্যুতে খুশি রাখা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তেল আমদানি বন্ধ না হয়, তবে আমরা খুব শীঘ্রই ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার আরও বাড়িয়ে দেব।” এর আগেও ট্রাম্প ভারতের এই অবস্থানে হতাশা প্রকাশ করেছিলেন। তবে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে মোদিকে ‘ভালো মানুষ’ বলেও সম্বোধন করেছেন তিনি।
উল্লেখ্য, গত বছর থেকেই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমেরিকা। তা সত্ত্বেও ভারত তার জাতীয় স্বার্থে রাশিয়ার থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পুতিন, জিনপিং এবং মোদির সাম্প্রতিক বৈঠক ট্রাম্পকে আরও ক্ষুব্ধ করেছে বলে মনে করা হচ্ছে। ভেনিজুয়েলা কাণ্ডের পর ট্রাম্পের এই নয়া হুঙ্কারকে ভারত-আমেরিকা সম্পর্কের এক কঠিন পরীক্ষা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।