নাস্তিক জাভেদ আখতার এবার ফেজ টুপি পরে মসজিদে! ভাইরাল ভিডিওর আসল সত্য ফাঁস হতেই অগ্নিশর্মা গীতিকার

আজীবন নিজেকে ‘নাস্তিক’ বলে পরিচয় দিয়ে এসেছেন। ধর্ম কিংবা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলে বির্তকের কেন্দ্রে থেকেছেন। কিন্তু সেই প্রবীণ গীতিকার জাভেদ আখতারকেই (Javed Akhtar) এবার দেখা গেল ফেজ টুপি পরে, চোখে সুরমা লাগিয়ে মসজিদে নমাজ পড়তে যেতে! কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI (Deepfake) ব্যবহার করে তৈরি এই ভিডিওটি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র শোরগোল।
ফেজ টুপি ও ভিডিওর নেপথ্যে কী?
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, মুফতি নদবীর সঙ্গে তর্কের পর মনবদল হয়েছে জাভেদ আখতারের। তিনি নাকি অবশেষে আল্লাহর শরণাপন্ন হয়েছেন। ভিডিওটি দেখা মাত্রই ফেটে পড়েছেন জাভেদ। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভিডিওটিকে ‘আবর্জনা’ বলে আখ্যা দিয়ে তিনি লিখেছেন, “একটি ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে যেখানে কম্পিউটার জেনারেটেড ছবির মাধ্যমে আমার মাথায় টুপি পরানো হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন।” তিনি আরও জানান, এই মানহানিকর ভিডিওর বিরুদ্ধে তিনি ইতিমধ্য়েই সাইবার সেল এবং আদালতের দ্বারস্থ হয়েছেন।
বিতর্কের সূত্রপাত: “আল্লাহর চেয়ে মোদী ভালো”
গত ডিসেম্বরে একটি বিতর্কসভায় যোগ দিয়ে জাভেদ আখতার সরাসরি ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেন। মুফতি নদবীর উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়েছিলেন, “গাজায় শিশুদের ওপর বোমা পড়ছে, ঈশ্বর যদি থেকে থাকেন তবে তিনি কেন চুপ? এই শিশুদের মৃত্যু কি তিনি দেখতে পাচ্ছেন না?”
সেই সভাতেই জাভেদ এক বিতর্কিত মন্তব্যে বলেন, “আল্লাহর তুলনায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভালো। অন্তত তিনি কিছু না কিছু খেয়াল রাখেন।” তাঁর দাবি ছিল, যদি ঈশ্বর থেকে থাকেন এবং শিশুদের মৃত্যুতে নির্বিকার থাকেন, তবে তাঁর না থাকাই শ্রেয়।
চক্রান্তের গন্ধ?
অনেকের ধারণা, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে জাভেদের এই বিতর্কিত মন্তব্যের পাল্টা দিতেই AI প্রযুক্তি ব্যবহার করে তাঁর ‘ধর্মমুখী’ হওয়ার ভুয়ো ছবি তৈরি করা হয়েছে। ডিজিটাল যুগে কোনো সেলিব্রিটিকে হেনস্থা করতে যে Deepfake কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, জাভেদ আখতারের এই ঘটনা ফের তা প্রমাণ করে দিল।