SPORTS: পাঞ্জাবের জয়ে পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, জমে উঠেছে সেমিফাইনাল পর্বের লড়াই

উড়তে থাকা গুজরাট টাইটান্সকে টেনে মাটিতে নামিয়ে আনলো যেন পাঞ্জাব কিংস। মঙ্গলবার রাতে ৮ নম্বরে থেকে শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছিল পাঞ্জাব। গুজরাটকে ১৪৩ রানে আটকে দিয়ে পাঞ্জাব কিংস ম্যাচ জিতে নিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। হাতে বল বাকি ছিল ২৪টি।

লিয়াম লিভিংস্টোনের ১১৭ মিটার বিশাল ছক্কায় অনায়াস জয়টি এলো পাঞ্জাব কিংসের। আর এই জয়ে নিশ্চিতভাবেই আইপিএলের পয়েন্ট টেবিলে তোলপাড় ফেলে দিয়েছে প্রীতি জিনতার দল। সেরা চারে থেকে কারা প্লে-অফে যাবে, সে লড়াইটাই এখন বেশ ভালোভাবে জমে উঠেছে।

পাঞ্জাবের জয়ই নয় শুধু, টানা ৮ ম্যাচ হারের পর মুম্বাইয়ের প্রথম জয়, কিংবা অধিনায়ক হিসেবে ফেরার পরই চেন্নাইকে মহেন্দ্র সিং ধোনি যখন জয়ের রাস্তায় তুলে আনলো, তখনই শেষ চারের অবস্থান নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে, নিশ্চিত।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিশাল এই জয়ের সঙ্গে লিগ টেবিলেও বড় লাফ দিলো মায়াঙ্ক আগরওয়ালের দল পাঞ্জাব। হার্দিক পান্ডিয়াদের হারানোর সুবাদে আট থেকে একলাফে পাঁচ নম্বরে উঠে আসে পাঞ্জাব। পিছনে ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

ব্যাঙ্গালুরুর এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে পাঞ্জাবের পয়েন্ট সংখ্যা সমান। তিন দলই আপাতত ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে নেট রান-রেটে পাঞ্জাব এগিয়ে রয়েছে ব্যাঙ্গালুরুর চেয়ে এবং পিছিয়ে রয়েছেন সানরাইজার্সের চেয়ে।

পাঞ্জাবের কাছে ম্যাচ হারলেও লিগ টেবিলের এক নম্বরেই রয়ে গেছে গুজরাট। পয়েন্ট টেবিলের প্রথম চারে অবশ্য আর কোনো রদবদল হয়নি। যথারীতি দ্বিতীয় স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস এবং চারে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ।

পাঞ্জাব পাঁচে উঠে আসায় আরসিবি নেমে গেলো ছয় নম্বরে। দিল্লি পিছিয়ে গেছে সাত নম্বরে এবং কেকেআর পিছলে গেলো আট নম্বরে। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স লিগ টেবিলের শেষ দু’টি স্থানে রয়েছে। সিএসকে রয়েছে নয়ে এবং মুম্বই অবস্থান করছে একেবারে শেষে ১০ নম্বরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *