১০ মিনিটে বদলে যাবে সাধারণ জ্ঞান! পড়ুয়াদের জন্য ‘বিশেষ অভিযান’ শুরু করল যোগী প্রশাসন।

স্মার্টফোনের আসক্তি কাটিয়ে পড়ুয়াদের খবরের কাগজের পাতায় ফেরাতে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে প্রতিদিন খবরের কাগজ পড়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর অতিরিক্ত মুখ্য সচিব পার্থ সারথি সেন শর্মা এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। মূলত পড়ার সংস্কৃতি গড়ে তোলা এবং অতিরিক্ত ‘স্ক্রিন টাইম’ কমানোই এই অভিনব উদ্যোগের লক্ষ্য।
কীভাবে চলবে এই পাঠদান? সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি স্কুলের লাইব্রেরিতে এখন থেকে হিন্দি ও ইংরেজি—উভয় ভাষার সংবাদপত্র রাখা বাধ্যতামূলক। প্রতিদিন সকালে প্রার্থনার সময় অন্তত ১০ মিনিট সংবাদপত্র পাঠের জন্য বরাদ্দ করতে হবে। ছাত্রছাত্রীরা পালা করে জাতীয়, আন্তর্জাতিক এবং ক্রীড়া জগতের গুরুত্বপূর্ণ খবরের পাশাপাশি সম্পাদকীয় অংশ পড়ে শোনাবে।
শব্দভাণ্ডার বৃদ্ধিতে বিশেষ জোর: পড়াশোনার মানোন্নয়নে যোগ করা হয়েছে ‘দিনের শব্দ’ অভ্যাস। সংবাদপত্র থেকে প্রতিদিন পাঁচটি কঠিন শব্দ বেছে নিয়ে তার অর্থ স্কুলের নোটিশ বোর্ডে লিখে রাখা হবে। সরকারের বিশ্বাস, এর ফলে পড়ুয়াদের শব্দভাণ্ডার বাড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান, একাগ্রতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। এমনকি এটি তাদের ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও প্রস্তুত করবে এবং ভুয়ো খবর (Fake News) চিনতে সাহায্য করবে।
সৃজনশীল কাজে উৎসাহ: কেবল খবরের কাগজ পড়াই নয়, পড়ুয়াদের নিজস্ব স্কুল ম্যাগাজিন বা নিউজপেপার প্রকাশে উৎসাহিত করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সম্পাদকীয় লেখনী এবং গ্রুপ ডিসকাশনের আয়োজন করা হবে। ছোটদের জন্য সংবাদপত্র থেকে খবর কেটে ‘স্ক্র্যাপবুক’ তৈরির কাজও দেওয়া হবে। গত নভেম্বর মাসে শুরু হওয়া ব্যাপক পঠন অভিযানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ শিক্ষা দফতর।