মঞ্চে এলার গলায় মালা দিল গোরা! ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে কি তবে জোর করে বিয়ে?

পর্দায় ‘খড়িদ্ধি’ জুটির ম্যাজিক যে আজও অমলিন, তার প্রমাণ দিচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’। শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন রসায়ন ফের একবার দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বিবাদ আর মান-অভিমান দিয়ে শুরু হলেও, এবার গল্পের মোড় ঘুরতে চলেছে সম্পূর্ণ ভিন্ন খাতে।
চ্যানেল কর্তৃপক্ষের প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে এক টানটান উত্তেজনা। গল্পের নায়ক গোরা, যে কি না প্রেম এবং বিয়ে—দুটোরই ঘোর বিরোধী। অথচ সেই গোরার জন্যই আয়োজন করা হয়েছে এলাহি ‘স্বয়ম্বর সভা’! আর এই দুঃসাহসিক কাজটি করেছে স্বয়ং নায়িকা এলা। সে গোরাদের ‘হার্ট টু হার্ট’ অ্যাপে চাকরি পেয়েছে। ম্যাচ-মেকিং কোম্পানির মালিক হয়ে গোরা নিজে কেন অবিবাহিত থাকবে, এই জেদ থেকেই বাড়ির সবার উপস্থিতিতে এলার এই বিশেষ আয়োজন। মঞ্চে একাধিক সুন্দরীর ভিড় থাকলেও গোরার মেজাজ সপ্তমে। এই আয়োজনকে ‘সার্কাস’ বলে কটাক্ষ করে সে বন্ধের নির্দেশ দেয়। কিন্তু এলা নাছোড়বান্দা! সে গোরার মাথায় জোর করে শোলার মুকুট পরাতেই ঘটে যায় এক অভাবনীয় কাণ্ড। এলাকে জব্দ করতে গোরা সরাসরি মালা তুলে এলার গলায় পরিয়ে দেয় এবং ঘোষণা করে যে, সে এলাকেই বিয়ে করতে চায়। তবে এটি কি ভালোবাসা নাকি প্রতিশোধের শুরু? গোরার ফিসফিসানি, “শাস্তির জন্য প্রস্তুত হও,” সেই জল্পনাই বাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের আকাশছোঁয়া সাফল্যের পর শোলাঙ্কি দীর্ঘ সময় সিনেমা ও সিরিজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে গৌরবকে অন্য প্রজেক্টে দেখা গেলেও দর্শকদের দাবি ছিল তাঁদের প্রিয় ‘খড়িদ্ধি’ জুটিকে ফিরিয়ে আনার। অবশেষে ২০২৫-এর শেষে তাঁদের এই পুনর্মিলন দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। প্রতি রাতে ৯:৩০ মিনিটে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকের এই ধামাকা পর্বটি দেখা যাবে আগামী ২ থেকে ৪ জানুয়ারি।