মায়ের মৃত্যু বদলে দিয়েছিল জীবন, বাস্তব হিরো করিমুল হকের লড়াকু গল্প নিয়ে দেবের নতুন ছবি!

নিজের জন্মদিনটাকে আরও স্মরণীয় করে রাখলেন টলিউড সুপারস্টার দেব। একদিকে ২৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত বহুপ্রতীকীত ছবি ‘প্রজাপতি ২’, আর অন্যদিকে ঠিক সেই দিনই নিজের কেরিয়ারের মাইলফলক ছোঁয়া ৫০তম ছবির ঘোষণা করলেন অভিনেতা। বাস্তব জীবনের এক অদম্য নায়কের জীবনকাহিনি এবার সেলুলয়েডে তুলে আনবেন তিনি। ছবির নাম— ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’।
জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের পদ্মশ্রী করিমুল হকের জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছবির চিত্রনাট্য। অ্যাম্বুল্যান্সের অভাবে বিনা চিকিৎসায় চোখের সামনে নিজের মাকে মরতে দেখেছিলেন করিমুল। সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আর কাউকে যেন বিনা চিকিৎসায় মরতে না হয়। নিজের বাইককেই বানিয়ে ফেলেন অ্যাম্বুল্যান্স। দুর্গম এলাকা থেকে মুমূর্ষু রোগীদের পিঠে বেঁধে হাসপাতালে পৌঁছে দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। এবার সেই ‘বাস্তব হিরো’র জুতোয় পা গলাবেন দেব।
বিনয় এম মুদগিলের পরিচালনায় তৈরি হতে চলা এই ছবির একটি পোস্টারও এদিন সামনে আনা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, চালকের আসনে দেব, আর বাইকের পিছনে এক অসুস্থ মানুষকে নিয়ে ছুটছেন তিনি। সঙ্গে স্যালাইন ধরে বসে আছেন আরও এক ব্যক্তি। প্রেক্ষাগৃহে যখন ‘প্রজাপতি ২’, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘মিতিন মাসি’-র লড়াই চলছে, তখন দেবের এই নতুন ঘোষণা টলি-পাড়ায় আলাদা উন্মাদনা তৈরি করেছে। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও সহ-অভিনেতাদের নাম এখনও গোপন রাখা হয়েছে।