স্যান্ড্রিংহামে রাজকীয় বড়দিন, উইলিয়াম-কেট ও সন্তানদের নিয়ে চার্চে রাজা, নজর কাড়ল খুদে রাজপুত্ররা!

বড়দিনের সকালে একরাশ সতেজতা নিয়ে স্যান্ড্রিংহাম এস্টেটে ধরা দিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। বৃহস্পতিবার প্রথা মেনে হেঁটে গির্জার উদ্দেশে রওনা হলেন রাজা তৃতীয় চার্লস। সাথে ছিলেন রানি ক্যামিলা এবং প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস—উইলিয়াম ও কেট। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল খুদে রাজপুত্র জর্জ, লুই এবং রাজকুমারী শার্লট। লন্ডন থেকে প্রায় ১০০ মাইল উত্তরে রাজার ব্যক্তিগত এস্টেটে সেন্ট মেরি ম্যাগডালিন চার্চের এই পদযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত সাধারণ মানুষ।

চলতি বছরের এই বড়দিন রাজা চার্লসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কয়েক সপ্তাহ আগেই তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের ইতিবাচক ইঙ্গিতে নতুন বছর থেকে তাঁর ক্যানসারের চিকিৎসা কিছুটা কমানো সম্ভব হবে। ২০২৪ সালের শুরুতে ক্যানসার ধরা পড়ার পর এটিই তাঁর প্রথম বড় কোনো জনসমক্ষে উপস্থিতি। বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে।

এবারের বড়দিনের ভাষণে ‘তীর্থযাত্রা’ বা ‘পিলগ্রিমেজ’ বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন ৭৭ বছর বয়সী এই রাজা। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রেকর্ড করা এই ভাষণটি আজ বিকেলে সম্প্রচারিত হবে। উল্লেখ্য, এই অ্যাবেতেই হাজার বছর ধরে রাজকীয় রাজ্যাভিষেক ও বিবাহ সম্পন্ন হয়ে আসছে। রাজা তাঁর বার্তায় আধ্যাত্মিকতা এবং সমসাময়িক বিষয়গুলিকে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই রাজকীয় বার্তার অপেক্ষায় থাকেন। গত বছর তিনি চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন, আর এবার তাঁর ব্যক্তিগত লড়াই ও আগামীর আশার বাণী শোনার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব।

Dipak Barman01
  • Dipak Barman01