কান্ধমলে বড় সাফল্য সেনার! খতম মাওবাদী সেন্ট্রাল কমিটির সদস্য গণেশ উইকে, শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে নকশালমুক্ত করার লক্ষ্যে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল ভারত। ওড়িশার কান্ধমল জেলায় নিরাপত্তা বাহিনীর এক বিশাল অভিযানে খতম করা হয়েছে ৬ মাওবাদীকে। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম হলো গণেশ উইকে, যার মাথার দাম ছিল ১.১ কোটি টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এই খবর শেয়ার করে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

২০২৬-এর লক্ষ্যমাত্রা: অমিত শাহ তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত সরকার আগামী ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “কান্ধমলের এই সাফল্য ওড়িশাকে নকশালমুক্ত করার দোরগোড়ায় নিয়ে এসেছে। আমরা এই অভিশাপ দেশ থেকে মুছে ফেলতে বদ্ধপরিকর।”

কে এই গণেশ উইকে? নিহত গণেশ উইকে নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-এর সেন্ট্রাল কমিটির সদস্য এবং ওড়িশার মাওবাদী সংগঠনের প্রধান ছিল। বুধবার রাত থেকে শুরু হওয়া এই এনকাউন্টারে সে নিহত হয়। নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা ও নাশকতার মাস্টারমাইন্ড ছিল এই উইকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কান্ধমলের গভীর জঙ্গলে এই অপারেশন চালানো হয়। ওড়িশা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড সীমান্তে নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে মাওবাদীদের শক্ত ঘাঁটি এখন টলমল।

Dipak Barman01
  • Dipak Barman01