যক্ষ্মা মুক্ত বাংলা গড়ার শপথ! দেগঙ্গায় রোগীদের জন্য পঞ্চায়েতের অবিশ্বাস্য উপহার

যক্ষ্মা বা টিবি মুক্ত সমাজ গড়তে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। ২০২৬-২৭ অর্থবর্ষের গ্রাম সভার বৈঠক থেকেই টিবি আক্রান্ত রোগীদের জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের সূচনা করা হলো। এই প্রকল্পের অধীনে স্থানীয় যক্ষ্মা রোগীদের হাতে ছয় মাসের সম্পূর্ণ পুষ্টিদায়ক খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে মানুষের সেবায় ব্রতী হয়েছে এই পঞ্চায়েত। এই মহৎ উদ্যোগ প্রসঙ্গে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান বলেন, “আমরা শুধু টিভির পর্দায় বা প্রচারের আলোয় থাকতে চাই না। মানুষের প্রয়োজনে তাঁদের পাশে থেকে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই ভাবনা থেকেই এই উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।”
তিনি আরও জানান যে, এই পরিষেবা কেবল যক্ষ্মা রোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে এলাকার অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য নয় মাসের পুষ্টিদায়ক খাবারের ব্যবস্থা করার পরিকল্পনাও নিয়েছে পঞ্চায়েত। সরকারি প্রকল্পের সুবিধা যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা। পঞ্চায়েতের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।