বড়দিনের আগেই কলকাতায় কড়া স্ক্যানার! প্রতিটি রুফটপ রেস্তরাঁ ও নাইট ক্লাবকে নিয়ে বড় পদক্ষেপ মেয়রের

শহর কলকাতায় শীতের আমেজ আর উৎসবের উন্মাদনা তুঙ্গে। বড়দিন থেকে বর্ষবরণ— আলোর সরণিতে ভিড় জমবে রুফটপ রেস্তরাঁ, নাইট ক্লাব ও পানশালাগুলোতে। কিন্তু এই উৎসবের আবহে যাতে কোনোভাবেই অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় না ঘটে, তা নিশ্চিত করতে কোমর বেঁধে নামল কলকাতা পুরসভা। শহরের সমস্ত রেস্তরাঁ ও ক্লাবের অগ্নি-নির্বাপণ পরিকাঠামো খতিয়ে দেখতে দমকল দফতরকে জরুরি চিঠি দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

কয়েকমাস আগেই মেছুয়া ফল পট্টির একটি হোটেলে বিধ্বংসী আগুনে ১৩ জনের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল প্রশাসনকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পার্ক স্ট্রিটের একাধিক রুফটপ রেস্তরাঁয় হানা দিয়ে পরিকাঠামোর অভাব লক্ষ্য করেছিলেন। এরপরই বেআইনি নির্মাণ ভাঙা এবং রুফটপ রেস্তরাঁগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পুজোর আগে নির্দিষ্ট এসওপি (SOP) মেনে ব্যবসা শুরুর অনুমতি দেওয়া হলেও, সম্প্রতি অভিযানে দেখা গিয়েছে অনেক জায়গায় গাফিলতি রয়ে গিয়েছে।

মেয়র ফিরহাদ হাকিম জানান, “ইতিমধ্যেই ৮৩টি রুফটপ রেস্তরাঁ পরিদর্শন করা হয়েছে। তবে উৎসবের মরশুমে শুধু ছাদ-রেস্তরাঁ নয়, ছোট-বড় সমস্ত হোটেল, পানশালা ও নাইট ক্লাবে যাতে কড়া নজরদারি চালানো হয়, তার জন্য দমকলকে চিঠি লিখেছি।” বিশেষ করে গোয়ার একটি নাইট ক্লাবে সাম্প্রতিক অগ্নিকাণ্ড কলকাতা পুর প্রশাসনকে বাড়তি সতর্ক করে তুলেছে। প্রশাসনের কড়া বার্তা— উৎসবের আনন্দে যেন মানুষের নিরাপত্তা বিন্দুমাত্র বিঘ্নিত না হয়।

Dipak Barman01
  • Dipak Barman01