‘অধিনায়কের কাজ খালি টস নয়…’, ক্যাপ্টেন সূর্যের উপর চটলেন প্রাক্তন ক্রিকেটার

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট দীর্ঘদিন ধরেই নীরব। গত টানা ২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসে তিনি একটিও অর্ধশতক করতে পারেননি। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে অধিনায়কের এই পারফরম্যান্স স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরে বড় চিন্তা বাড়াচ্ছে।

এই পরিস্থিতিতে সূর্যকুমারের ফর্ম নিয়ে প্রকাশ্যে সমালোচনায় মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। তার মতে, অধিনায়কের দায়িত্ব শুধু টস করা বা বোলারদের সামলানো নয়। যদি অধিনায়ক টপ অর্ডারে ব্যাট করেন, তবে রান করাই তার প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত।

আকাশ চোপড়ার বিস্ফোরক মন্তব্য

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া সূর্যকুমারের পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরে বলেন, “যদি টপ-৪ এ ব্যাট করে ১৭ ইনিংসে গড় মাত্র ১৪ হয়, স্ট্রাইক রেটও তেমন ভালো না থাকে, একটি ফিফটিও না আসে এবং মাত্র দু’বার ২৫-এর বেশি রান হয়, তাহলে সেটা নিঃসন্দেহে একটি বড় সমস্যা।” তিনি স্পষ্ট করেন, এমন পারফরম্যান্স দলের জন্য গভীর উদ্বেগের।

চোপড়ার মতে, তিন বা চার নম্বরে ব্যাট করা কোনও ক্রিকেটারের যদি দীর্ঘদিন রান না পান, তাহলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তার আত্মবিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়। তিনি জোর দিয়ে বলেন, সূর্যকুমার যাদবের পাশাপাশি সহ-অধিনায়ক শুভমন গিলের রান করাও এই মুহূর্তে ভারতের জন্য ভীষণ জরুরি।

পরিসংখ্যানের আয়নায় সূর্য-শুভমন

একসময় যিনি আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন, সেই সূর্যকুমারের ফর্ম এখন অনেকটাই ভাটায়। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর পর থেকে সূর্যকুমার ২৬ ইনিংসে মাত্র ২টি অর্ধশতকের সাহায্যে ৪৩১ রান করেছেন। তার গড় ১৮.৭৩ এবং স্ট্রাইক রেট ১৪৬.১০।

অন্যদিকে, টি-টোয়েন্টি দলে ফেরার পর শুভমন গিলের ব্যাট থেকেও এখনও পর্যন্ত কোনও অর্ধশতক আসেনি। তিনি ১৪ ইনিংসে ২৬৩ রান করেছেন। তার গড় ২৩.৯০, স্ট্রাইক রেট ১৪২.৯৩। শুভমনকে দলে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়েই প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন।

অধিনায়ক ও সহ-অধিনায়কের এই ব্যর্থতার প্রভাব স্পষ্ট হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে, যেখানে ভারতকে ৫১ রানে হারতে হয়েছে। এখন ১৪ ডিসেম্বর ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নামবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে হাতে থাকা শেষ ৮টি ম্যাচে এই দুই তারকার ব্যাটে ছন্দ ফেরার দিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ।