‘বিপ্লবী নেতা’ হাদিকে গুলি, অভিযুক্ত ফয়সালকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা; সীমান্তে কড়া নজরদারি

বাংলাদেশের ‘বিপ্লবী নেতা’ হিসেবে পরিচিত ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত, আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফয়সালকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

কে এই ফয়সাল করিম?

ফয়সাল করিম মাসুদ আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ২০১৯ সালের ছাত্র লিগ কমিটিতে ছিলেন এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী দলেও ছিলেন। এই রাজনৈতিক যোগসূত্রের কারণে তাঁর দ্রুত গ্রেফতারি নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশের তদন্ত ও চ্যালেঞ্জ:

ঢাকা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ফয়সাল করিম বারবার নিজের অবস্থান এবং সিম কার্ড পরিবর্তন করছেন। তাই গোয়েন্দারা তাঁর নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করতে পারছেন না। তাঁকে ধরতে একাধিক অভিযান চালানো হলেও পুলিশ এখনও ব্যর্থ।

এছাড়া, যে বাইকে করে এসে হাদির ওপর গুলি চালানো হয়েছিল, সেই বাইকের চালকের বিরুদ্ধেও মামলা করা হবে। পুলিশ এখনও বাইকচালককে চিহ্নিত করতে পারেনি। সব মিলিয়ে এই মামলায় ৩-৪ জন সন্দেহভাজন পুলিশের নজরে আছে।

হামলার নেপথ্যে ‘বৃহত্তর বাংলাদেশ’ বিতর্ক:

গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের নির্দল প্রার্থী হতে চলা ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র ওসমান হাদি।

বিতর্কিত স্লোগান ও পোস্ট: হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় হাদি ‘দিল্লি না ঢাকা’ স্লোগান তুলেছিলেন। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি ফেসবুকে ভারতের একটি বিকৃত মানচিত্র পোস্ট করেছিলেন, যেখানে পঞ্জাব, লাদাখ ও জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ এবং পশ্চিমবঙ্গ, বিহারের অংশ, ঝাড়খণ্ড ও উত্তরপূর্ব ভারতকে ‘বৃহত্তর বাংলাদেশ’-এর অংশ হিসেবে দেখানো হয়।

‘র’-এর দিকে আঙুল: এই আবহে হাদির বোন মাহফুজা সরাসরি ভারতের ‘র’ (RAW)-এর দিকে আঙুল তুলেছেন। এনসিপি নেতা সারজিস আলমও ইঙ্গিত দেন যে, ভারত-বিরোধী হওয়ার কারণেই এই হামলা। অন্যদিকে, ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ‘বিদেশি শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে’ বলে মন্তব্য করেন।

গুরুতর আহত হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ হামলার স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং বন্দুকবাজকে পালাতে দেখা গিয়েছে। ফয়সাল যাতে সীমান্ত পার করে অন্য দেশে পালাতে না পারে, তার জন্যই বিজিবিকে সতর্ক করা হয়েছে।