ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, জেনেনিন গুঞ্জন নাকি সত্যি?

প্রযুক্তি দুনিয়ায় অবশেষে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন (Foldable iPhone) নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সূত্রগুলোর ইঙ্গিত অনুযায়ী, ২০২৬ সালেই বাজারে আসতে পারে বহুল প্রতীক্ষিত ‘আইফোন ফোল্ড’ (iPhone Fold)। ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে স্যামসাং, শাওমি, অপ্পোর মতো বড় ব্র্যান্ডগুলো বহু বছর ধরে দাপট দেখালেও, অ্যাপল এই প্রথম তার প্রবেশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
আগামী বছরই কি আসছে ‘আইফোন ফোল্ড’?
চীনা সংবাদমাধ্যম ইউডিএন (UDN)-এর দাবিকে উদ্ধৃত করে ম্যাশেবল জানিয়েছে, অ্যাপল ২০২৬ সালেই তাদের ভাঁজযোগ্য ডিভাইসটি উন্মোচন করতে পারে। এই গুঞ্জন আরও জোরদার হয়েছে নতুন এক রিপোর্টের মাধ্যমে, যেখানে বলা হয়েছে—অ্যাপল সম্ভাব্য ফোল্ডেবল আইফোনের জন্য স্যামসাং ডিসপ্লেকে ১ কোটি ১০ লাখ ওএলইডি প্যানেলের (OLED Panel) অর্ডার দিয়েছে।
গ্লোবাল রিসার্চ প্রতিষ্ঠান আইডিএন (IDC)-এর পূর্বাভাস অনুযায়ী, অ্যাপল ফোল্ডেবল বাজারে প্রবেশ করলেই বড় ধরনের পরিবর্তন আসবে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, অ্যাপল প্রথম বছরেই ফোল্ডেবল ইউনিট শেয়ারের ২২ শতাংশ এবং বাজারমূল্যের ৩৪ শতাংশ দখল করতে পারে। এই ডিভাইসের সম্ভাব্য গড় মূল্য হতে পারে প্রায় ২,৪০০ ডলার। অ্যাপলের ইকোসিস্টেমের কারণে শুরুতেই বাজারে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্পেসিফিকেশনে যা জানা গেছে:
যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে—
-
ডিজাইন: এটি হবে বুক-স্টাইল (Book-Style) ভাঁজযোগ্য ডিজাইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো, ভাঁজ খোলার পর স্ক্রিনে কোনো ক্রিজ বা ভাঁজের দাগ থাকবে না।
-
ডিসপ্লে ও পুরুত্ব: অভ্যন্তরীণ (ইননার) ডিসপ্লে ৭.৮ ইঞ্চি এবং বাইরের (আউটার) ডিসপ্লে ৫.৫ ইঞ্চি হতে পারে। আনফোল্ড অবস্থায় এর পুরুত্ব মাত্র ৫.৬ মিমি হতে পারে বলেও অন্য একটি গুঞ্জনে বলা হয়েছে।
-
ক্যামেরা ও নিরাপত্তা: অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, ডিভাইসটিতে মোট ৪টি ক্যামেরা থাকবে (পিছনে ২টি, ভাঁজের ভেতরে ১টি এবং সেলফি ক্যামেরা ১টি)। নিরাপত্তা ফিচারে টাচ আইডি (Touch ID) ফিরে আসতে পারে।
সব মিলিয়ে, যদি এই গুঞ্জনগুলো সত্যি হয়, তবে ২০২৬ সাল প্রযুক্তিপ্রেমীদের জন্য অ্যাপলের সবচেয়ে বড় চমক নিয়ে আসতে চলেছে।