যেসব লক্ষণে বুঝবেন কম্পিউটার-ল্যাপটপ হ্যাক হয়েছে, জেনেনিন কী কী?

ডিজিটাল যুগে সাইবার অপরাধের বিস্তার প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে। ডার্ক ওয়েব, র‍্যানসমওয়্যার, স্পাইওয়্যার এবং উন্নত হ্যাকিং টুলের কারণে সাধারণ ব্যবহারকারীর ব্যক্তিগত ডিভাইসগুলো এখন মারাত্মক ঝুঁকির মুখে। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (Antivirus) ইনস্টল থাকা সত্ত্বেও বুঝতে পারেন না যে তাদের কম্পিউটারটি এরই মধ্যে হ্যাকারের (Hacker) নিয়ন্ত্রণে চলে গেছে। তাই বড় ধরনের ক্ষতি এড়াতে কিছু প্রাথমিক লক্ষণ আগেভাগে শনাক্ত করা অত্যন্ত জরুরি।

কম্পিউটার হ্যাক হওয়ার প্রথম এবং অন্যতম প্রধান লক্ষণ হলো ইন্টারনেট ডাটা অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হওয়া। আপনি ডিভাইস ব্যবহার না করলেও যদি ব্যাকগ্রাউন্ডে দ্রুত ডাটা খরচ হতে থাকে, তবে ধরে নিতে হবে কোনো স্পাইওয়্যার বা ম্যালওয়্যার সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে অজানা সার্ভারে পাঠাচ্ছে। এই ক্ষতিকর সফটওয়্যারগুলো গোপনে আপনার ব্রাউজিং ডেটা, পাসওয়ার্ড, ফাইল এমনকি ব্যাংকিং তথ্যও চুরি করতে পারে।

দ্বিতীয় বড় ইঙ্গিতটি হলো ডিভাইসের গতি অস্বাভাবিক ধীর হয়ে যাওয়া। সাধারণ সফটওয়্যার খুলতে দেরি হওয়া, ওয়েবপেজ লোডিং স্লো হওয়া বা হঠাৎ সিস্টেম হ্যাং (Hang) করে যাওয়া দেখায় যে সিস্টেমের গুরুত্বপূর্ণ র‍্যাম (RAM) ও সিপিইউ (CPU) রিসোর্স ক্ষতিকর প্রোগ্রাম দখল করে নিয়েছে।

আরও গুরুতর সতর্কবার্তা হলো অ্যান্টিভাইরাস নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া। হ্যাকাররা তাদের উপস্থিতি লুকাতে প্রথমেই সিকিউরিটি সফটওয়্যার নিষ্ক্রিয় করে দেয়। ফলে অ্যান্টিভাইরাস চালু না হওয়া বা স্ক্যান করতে না পারা খুবই বিপজ্জনক ইঙ্গিত।

এছাড়া, কম্পিউটার বারবার ফ্রিজ হওয়া, অ্যাপ ক্র্যাশ করা বা হঠাৎ ব্লু-স্ক্রিন (Blue Screen) আসাও সাধারণত স্পাইওয়্যার বা র‍্যানসমওয়্যার (Ransomware) সংক্রমণের ফল। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সিস্টেমে যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব না দিলে হ্যাকাররা ধীরে ধীরে পুরো সিস্টেমের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

ব্যবহারকারীদের জন্য পরামর্শ: এমন লক্ষণগুলোর কোনোটি নজরে এলে, অবিলম্বে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিন, দ্রুত একটি অ্যান্টি-ম্যালওয়্যার স্ক্যান (Anti-Malware Scan) চালান, সমস্ত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নিন।