T20 World Cup-শুরুর আগেই কাঁদছে পাকিস্তান, আবারও ICC-তে জানালো অভিযোগ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও প্রচার শুরু হতেই বিতর্কের জন্ম দিল একটি পোস্টার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর একটি প্রচারমূলক পোস্টারে পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আগার ছবি না থাকায় আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। বিষয়টি নিয়ে তারা সরাসরি আইসিসি-র দ্বারস্থ হয়েছে।

পিসিবি সূত্রে খবর, ওই পোস্টারে ৫ জন দেশের অধিনায়ককে জায়গা দেওয়া হয়েছে। তাঁরা হলেন—ভারত থেকে সূর্যকুমার যাদব, দক্ষিণ আফ্রিকা থেকে এইডেন মার্করাম, অস্ট্রেলিয়া থেকে মিচেল মার্শ, শ্রীলঙ্কা থেকে দাসুন শানাকা এবং ইংল্যান্ড থেকে হ্যারি ব্রুক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, পাকিস্তানের মতো একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী ক্রিকেট দলের অধিনায়কের ওই প্রচারমূলক পোস্টারে অবশ্যই জায়গা পাওয়া উচিত ছিল। কারণ, বিশ্ব ক্রিকেটে তাদের যথেষ্ট সুনাম এবং বিপুল ফ্যান ফলোয়িং রয়েছে।

আগের বারের অভিজ্ঞতা টেনে উদ্বেগ বাড়াল PCB

পিসিবি সূত্রের দাবি, এশিয়া কাপের সময়ও সম্প্রচারকদের এমন আচরণ দেখা গিয়েছিল, যখন তারা পাকিস্তানি অধিনায়ককে প্রচারের পোস্টারে স্থান দেয়নি। সেই সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) হস্তক্ষেপে পরিস্থিতি মিটেছিল এবং পোস্টারে পাক অধিনায়কের ছবি বসানো হয়েছিল। কিন্তু বারেবারে একই ঘটনা ঘটায় PCB চরম উদ্বেগ প্রকাশ করেছে।

যদিও আসল বিষয় হলো, বর্তমানে পাকিস্তান টিম আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ দলের মধ্যে নেই। তবুও পিসিবি মনে করে, ক্রিকেট বিশ্বে পাকিস্তানের শক্তিশালী অবস্থান এবং বিশ্বব্যাপী টুর্নামেন্টগুলিতে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই কারণগুলি বিবেচনা করে আইসিসি বিজ্ঞাপনের ছবিগুলিতে অন্য অধিনায়কদের সঙ্গে পাকিস্তানি অধিনায়ক সলমান আলি আগার নাম-ছবিও অন্তর্ভুক্ত করবে বলে পাক ক্রিকেট বোর্ড আশা প্রকাশ করেছে।