বিয়ে ছেড়ে মেসি দেখতে এসেও হতাশ! ‘মন্ত্রী-কর্তাদের ঘেরাটোপে’ ঢাকা পড়লেন ফুটবলাররা, হাজার টাকার টিকিট বৃথা

লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিন, শনিবার কলকাতা সাক্ষী থাকল চরম বিশৃঙ্খলা, হতাশা এবং তিক্ত অভিজ্ঞতার। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও ফুটবল রাজপুত্রকে এক ঝলক দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন।

মেসিকে দেখাই গেল না! দর্শকদের মূল অভিযোগ, মেসি (Lionel Messi), লুইস সুয়ারেজ় (Luis Suárez) এবং রদ্রিগো ডি’পল-এর (Rodrigo De Paul) মতো তারকা ফুটবলাররা ‘মন্ত্রী-কর্তা-বিশিষ্টদের ঘেরাটোপে’ ঢাকা পড়েছিলেন। সাধারণ মানুষের চোখের সামনে একবারের জন্যও তাঁদের জলজ্যান্ত ছবি ভেসে ওঠেনি। কেউ ৫ হাজার, কেউ বা ১৪ হাজার টাকা খরচ করেও যখন প্রত্যাশা পূরণ হলো না, তখনই শুরু হলো বিশৃঙ্খলা।

যুবভারতীতে ভাঙচুর ও ক্ষোভ: মেসির দেখা না পেয়ে দর্শকদের একাংশ প্রথমে স্টেডিয়ামের ভিতরে জলের বোতল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে কর্তৃপক্ষ দ্রুত মেসি ও অন্যান্য ফুটবলারদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। এর পরেই আগত দর্শক-সমর্থকরা আরও উন্মত্ত হয়ে ওঠে এবং ক্রীড়াঙ্গনের দখল নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

বিয়ে ছেড়ে দেখতে এসেছিলেন এক ভক্ত: উন্মত্ত জনতার মাঝে ছিলেন এক হতাশ দর্শক, যিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “আজ আমার বিয়ে ছিল। সেটা ছেড়ে আমি মেসিকে দেখতে এলাম। কিন্তু প্রত্যাশা পূর্ণ হয়নি।”

তিনি আরও যোগ করেন, “অবশ্য, এটাও ঠিক যে ওনার উপস্থিতি আমার খুব ভাল লেগেছে। উনি এসেছেন এটাই অনেক। কিন্তু এত দূর থেকে যা দেখলাম, সত্যিই এমনটা ভাবি না। আরও একটু ভাল কিছু প্রত্যাশা করে এসেছিলাম।”

আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার: শনিবার থেকে শুরু হওয়া মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। যুবভারতীতে বিশৃঙ্খলা ছড়ানোর পরই তিনি কলকাতাতে কর্মসূচি শেষ করে হায়দরাবাদে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়েন। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে কলকাতা বিমানবন্দর থেকেই পুলিশ শতদ্রু দত্তকে গ্রেফতার করে।