ইতিহাস গড়ল আলিপুরদুয়ার, শুরু হলো প্রথম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হচ্ছে ৫টি ছবি

রাজবংশী সংস্কৃতি, ঐতিহ্য এবং আন্তর্জাতিক চলচ্চিত্র চর্চাকে এক ছাতার নিচে এনে আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব। দু’দিনব্যাপী এই বৈচিত্র্যপূর্ণ আয়োজনে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি রয়েছে নৃত্য প্রদর্শনী ও আলোচনা সভা। আন্তর্জাতিক বাংলা বা ইংরেজি চলচ্চিত্র উৎসবের ধারণা থাকলেও, আলিপুরদুয়ারবাসী এবার প্রথম রাজবংশী চলচ্চিত্র উৎসবের সাক্ষী হচ্ছেন।

এই উৎসবে মোট পাঁচটি রাজবংশী চলচ্চিত্র দেখানো হচ্ছে, যা কোচবিহারের চলচ্চিত্র নির্মাতারা তৈরি করেছেন। সিনেমাগুলির মাধ্যমে রাজবংশী সমাজের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, থাকছে বৈরাতি নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন।

নেপাল ও অসম থেকে ক্রিটিক্স: জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য অসম এবং নেপাল থেকেও চলচ্চিত্র সমালোচকরা এই উৎসবে যোগ দিতে এসেছেন। নেপাল থেকে আসা ২৬ জনের একটি প্রতিনিধি দল রাজবংশী নৃত্য দেখে এক কথায় মুগ্ধ হয়েছেন।

বহু চর্চিত সিনেমা ‘সোনার পিঞ্জিরা’ এবং ‘গোয়ালপাড়া হেরিটেজ কালচার অফ দা পিপল’ এই বছর রাজবংশী চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রগুলি দেখানো হবে।

চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে সুরেশ রায় জানান, “শুধু ক্রিটিক্সরা নন, নেপাল থেকে চলচ্চিত্র পরিচালকের একটি দলও এসেছেন। আন্তর্জাতিক পরিসরে রাজবংশী সমাজ জীবন, ইতিহাস এবং সংস্কৃতি নির্ভর চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন থাকছে। রাজবংশীদের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”