SSC Update, নবম-দশম শিক্ষক নিয়োগের তথ্যযাচাই ও ইন্টারভিউ তালিকা প্রকাশিত, ডাকা হল ৪০ হাজার প্রার্থীকে

একাদশ-দ্বাদশ শ্রেণির পর এবার স্কুল সার্ভিস কমিশন (SSC) কর্তৃক প্রকাশিত হলো নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের তথ্যযাচাই (Document Verification) এবং ইন্টারভিউয়ের তালিকা। কমিশন নির্ধারিত সময়, অর্থাৎ রাত ৮টা’র প্রায় এক ঘণ্টা আগেই, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌনে ৭টা নাগাদ এই তালিকা প্রকাশ করা হয়।
মোট ১২টি বিষয়ে প্রায় ৪০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাইকরণ ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বলে জানা গিয়েছে। নবম-দশমে মোট শূন্যপদ রয়েছে ২৩ হাজার ২১২টি। এর বিপরীতে পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন প্রার্থী। গত ২৪ নভেম্বর এই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল।
এসএসসি-র নিয়ম অনুযায়ী, ১০০টি শূন্য পদের জন্য সাধারণত ১৬০ জনকে ইন্টারভিউতে ডাকা হয়। সেই হিসাবে ২৩,২১২টি শূন্য পদের জন্য ৩৭,১৪০ জনের ডাক পাওয়ার কথা। তবে, সূত্রের খবর, বিভিন্ন বিষয়ে একই ব্যক্তি ন্যূনতম কাট-অফ-মার্কস পাওয়ায় চূড়ান্ত সংখ্যাটা কমবেশি ৪০ হাজারে পৌঁছবে।
চাকরিহারা শিক্ষকদের তালিকায় অসঙ্গতি:
এই তালিকা প্রকাশের পর ফের অসঙ্গতির অভিযোগ উঠেছে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের অন্যতম সঙ্গীতা সাহা জানিয়েছেন, “অনেক যোগ্য চাকরিহারা শিক্ষকেরই এই নতুন তালিকায় নাম নেই। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পদার্থবিদ্যা এবং অঙ্ক—এই দুটো বিষয়ে সব থেকে বেশি নাম বাদ পড়েছে।”
তবে, কমিশন স্পষ্ট করে দিয়েছে যে তালিকা প্রকাশ পেলেও এখনই প্রার্থীদের নথি যাচাইকরণের জন্য ডাকা হচ্ছে না। তালিকা প্রকাশ এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শুরুর মধ্যে সময়ের ব্যবধান থাকবে।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চলতি বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্যানেল বাতিল করে দিয়েছিল। যদিও শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, অভিযোগমুক্ত যোগ্য শিক্ষকেরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে চাকরি করতে পারবেন। পরবর্তীকালে সরকার ১৫ হাজার ৪০৪ জন যোগ্য শিক্ষক-শিক্ষিকার নাম প্রকাশ করে। এর আগে একাদশ-দ্বাদশ শ্রেণির তালিকায় ১০০-র বেশি ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা জায়গা পাননি। তাঁদের মধ্যে অনেকেই এখন নবম-দশমের এই তালিকার দিকে তাকিয়ে রয়েছেন।