দাপিয়ে বেড়াচ্ছে দলছুট মা ও শাবক, বানারহাটে হাতির হানায় চাঞ্চল্য, ঝোপে আশ্রয় দুই বুনো হাতির!

জলপাইগুড়ির বানারহাট ব্লকের উত্তর শালবাড়ি মেচপাড়া এলাকায় লোকালয়ে দলছুট মা ও একটি শাবক হাতি ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা সকালে ঘুম থেকে উঠেই দেখেন, গ্রামে হাতি দাপিয়ে বেড়াচ্ছে। আতঙ্কিত হয়ে দ্রুত ভিড় জমান স্থানীয়রা।

স্থানীয়দের অনুমান, নিকটবর্তী মরাঘাট জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে রাতের অন্ধকারে বুনো হাতির দলটি এলাকায় প্রবেশ করে। তবে ভোর হওয়ার আগে জঙ্গলে ফিরতে না পেরে মা হাতি ও তার শাবকটি গ্রামের একটি ঝোপে আশ্রয় নিয়েছে।

খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বন দফতর হাতি দুটির গতিবিধির উপর নিবিড় নজরদারি চালাচ্ছে। পাশাপাশি, স্থানীয়দের সতর্ক করা হচ্ছে, কেউ যেন হাতিদের উত্তেজিত করার চেষ্টা না করে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সন্ধ্যা নামার পর পরিস্থিতি স্বাভাবিক হলে হাতি দু’টিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।

Dipak Barman01
  • Dipak Barman01