“অবশেষে খাঁচা ভেঙে”, হাসপাতাল থেকে মুক্তি পেয়ে কী বার্তা দিলেন নচিকেতা? খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে অবশেষে বাড়ি ফিরেছেন। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। যদিও চিকিৎসকরা ‘আগুনপাখি’-কে আপাতত বাড়িতে কিছুদিন কঠোর বিশ্রামে থাকার এবং নিয়মিত খাওয়া-দাওয়ার পরামর্শ দিয়েছেন। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই তিনি আবার মঞ্চে ফিরতে পারবেন।

নিজেই দিলেন সুখবর:

শুক্রবার নিজের সমাজমাধ্যমের প্রোফাইলে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার খবর নিজেই জানিয়েছেন শিল্পী। একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “অবশেষে খাঁচা ভেঙে”। প্রকাশিত ছবিতে হাসপাতালের চিকিৎসক ও তাঁর কয়েকজন অনুগামীদের সঙ্গে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পীকে।

কী হয়েছিল শিল্পীর?

কিছুদিন ধরেই নচিকেতা চক্রবর্তীর শরীর ভালো যাচ্ছিল না। সূত্রের খবর, তাঁর হাত-পা ফুলে গিয়েছিল এবং ব্লাড সুগারের সমস্যাও ছিল। গত শনিবার চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায়, তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ রয়েছে। সময় নষ্ট না করে দ্রুত তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং দুটি স্টেন্ট বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি বিপদমুক্ত ও স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হয়েছিল।

মুখ্যমন্ত্রীর খোঁজখবর:

শিল্পীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি তাঁর ‘ভাই’-এর চিকিৎসার খোঁজখবর নেন। জানা যায়, মুখ্যমন্ত্রী হালকা স্বরে নচিকেতাকে শাসনও করেন এবং তাঁকে নিয়মিত খাওয়া-দাওয়ার পরামর্শ দেন। গত সোমবারই তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে থাকাকালীন এক সময়ের জীবনমুখী গানের এই প্রচারক বইপত্র নিয়েই মজে ছিলেন বলে খবর।

অন্যদিকে, শারীরিক অসুস্থতার কারণে তাঁর আসানসোলে একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল। তবে অনুরাগীরা এখন অপেক্ষায় রয়েছেন— চিকিৎসকের পরামর্শ মেনে চললে, ৬১ বছর বয়সী এই শিল্পী আগামী সপ্তাহেই সুস্থভাবে আবার মঞ্চে ফিরে আসবেন তাঁর কণ্ঠের জাদু নিয়ে।

Dipak Barman01
  • Dipak Barman01