অরুণাচলে ট্রাক খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা! মেটেংলিয়াং-এর কাছে ২১ জন শ্রমিকের মৃত্যু, অলৌকিকভাবে বাঁচলেন এক জন।

অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মেটেংলিয়াং-এর কাছে একটি ট্রাক পাহাড়ের সরু রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ মিটার গভীর খাদে পড়ে যায়। অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন একজন শ্রমিক।

পুলিশ সুপার (SP) অনুরাগ দ্বিবেদী জানিয়েছেন, মোট ২২ জন শ্রমিক কাজের জন্য অসমের তিনসুকিয়া থেকে চাগলাগামের উদ্দেশে যাচ্ছিলেন। তারা ৭ ডিসেম্বর রওনা হয়েছিলেন। কিন্তু ১০ ডিসেম্বর পর্যন্ত তাঁরা গন্তব্যে না পৌঁছানোয় তাঁদের সহকর্মীরা হায়ুলিয়াং থানায় খোঁজখবর শুরু করেন।

দু’দিন পর জানা যায় দুর্ঘটনার খবর
তল্লাশি চালানোর সময় একটি সেনা ক্যাম্প থেকে পুলিশকে জানানো হয় যে, আহত অবস্থায় এক ব্যক্তি সেখানে পৌঁছন। বেঁচে যাওয়া ওই শ্রমিক জানান, তাঁর ২১ জন সহকর্মীকে নিয়ে ট্রাকটি খাদে পড়ে গিয়েছে। এরপর তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী চিকিৎসার জন্য অসমে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে গত ৮ ডিসেম্বর রাতে, রাত ৮টা থেকে ৯টার মধ্যে। চাগলাগাম থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় প্রায় দু’দিন ধরে দুর্ঘটনার খবরটি জানা যায়নি।

কঠিন পরিস্থিতিতে উদ্ধারকাজ
বেঁচে যাওয়া শ্রমিকের বয়ান অনুযায়ী, পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল শনাক্ত করে। এরপর সেনা, স্থানীয় পুলিশ ও প্রশাসনের দল উদ্ধার কাজে নামে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (NDRF) ডাকা হয়েছে।

ডিএসপি হাবুং সামা জানিয়েছেন, “এখনও পর্যন্ত ১৭টি মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে, কারণ খাদটি প্রায় ৭০০ মিটার গভীর।” তিনি আরও বলেন, ঘটনাটিকে আপাতত নিছক দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। নিহত ২১ জন শ্রমিকের মধ্যে ১৮ জনই অসমের তিনসুকিয়া জেলার জিলাপুখুরি চা বাগানের বাসিন্দা বলে কর্মকর্তারা জানিয়েছেন।