সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে ৩০০০ জমি দখলের অভিযোগের সারবত্তা পেল সিবিআই, রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগের তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করেছে সিবিআই (CBI)। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, জমি দখল সংক্রান্ত প্রায় ৩০০০ অভিযোগের যথাযথ তথ্য প্রমাণ মিলেছে।
সূত্রের খবর, তদন্তকারীরা এই অভিযোগগুলি খতিয়ে দেখেছেন। অনুসন্ধানে প্রমাণ মিলেছে যে, জমি দখলের ক্ষেত্রে শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে এলাকায় ‘শাহজাহান বাহিনী’ কাজ করত। জোর করে জমি দখলের অভিযোগের সারবত্তা রয়েছে বলেই এই মর্মে কলকাতায় হাইকোর্টে অনুসন্ধান রিপোর্ট পেশ করেছে সিবিআই।
বিপদ আরও বাড়ছে শাহজাহানের
যদি জমি দখলের এই অনুসন্ধান রিপোর্টের সত্যতা আদালতে প্রমাণিত হয়, তাহলে শেখ শাহজাহানের বিপদ আরও বাড়তে পারে। সেক্ষেত্রে তাঁর জামিন পেতেও গুরুতর সমস্যা হতে পারে।
প্রসঙ্গত, ২০২০ সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে মূলত রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি (ED) ব্যাপক বাধার মুখে পড়ে। সেই সময় থেকেই সন্দেশখালির তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান সংবাদ শিরোনামে উঠে আসেন। পরে তাঁর বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক গুরুতর অভিযোগ উঠতে শুরু করে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই সেই অভিযোগের তদন্ত শুরু করেছিল সিবিআই।
সাক্ষী হত্যা নিয়েও বিতর্ক
সম্প্রতি শেখ শাহজাহান আরও এক নতুন বিতর্কে জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক ঘটনার সাক্ষী ভোলা ঘোষ। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি এবং এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়।
এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, জেলে বসেই সাক্ষীকে হত্যার কলকাঠি নেড়েছে শেখ শাহজাহান। শুভেন্দু অধিকারী শাহজাহানকে বাংলার বাইরে অন্য রাজ্যের জেলে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন।