কাছ থেকে মুখ্যমন্ত্রীকে দেখতে এসে সর্বনাশ! কৃষ্ণনগরের জনসভায় ভিড়ের সুযোগ নিয়ে তিন মহিলার সোনার হার ছিনতাই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার শখই কাল হলো! নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূলের জনসভায় যোগ দিতে এসে চোরদের খপ্পরে পড়লেন ভীমপুর থানার হরিনগর থেকে আসা তিন মহিলা। আনন্দের মুহূর্ত মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে।

ভুক্তভোগী তিন মহিলা হলেন কনিকা পাল, বিজলী বিশ্বাস এবং চন্দনা মন্ডল। তাঁরা জানান, জনসভার প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাঁদের গলার সোনার হার ছিনতাই করে পালিয়েছে। সভা শেষে যখন তাঁরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁরা বুঝতে পারেন যে গলার হার নেই।

হার হারিয়ে কার্যত দিশাহারা হয়ে পড়েন ওই তিন মহিলা। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। প্রশাসনের নাকের ডগায় এবং বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন থাকার পরেও এমন চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।