ইন্ডিগো বিমান বিপর্যয় নিয়ে মুখ খুললেন সংস্থার চেয়ারম্যান বিক্রম সিংহ মেহতা, ক্ষমা চেয়ে দিলেন তদন্তের নির্দেশ

গত ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে ইন্ডিগোর উড়ান পরিষেবায় যে বড়সড় বিপর্যয় ঘটেছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন সংস্থার চেয়ারম্যান বিক্রম সিংহ মেহতা। সপ্তাহভর ভোগান্তিতে পড়েছিলেন লক্ষ লক্ষ যাত্রী, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বুধবার একটি ভিডিয়ো বার্তায় সংস্থার এক্স (আগে টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে মেহতা যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন। যদিও সপ্তাহব্যাপী অচলাবস্থা এবং ভোগান্তির মূল কারণগুলি নিয়ে সরাসরি তিনি কিছু এড়িয়ে গিয়েছেন।
কী বললেন ইন্ডিগো-র চেয়ারম্যান?
ভিডিয়ো বার্তায় ইন্ডিগো চেয়ারম্যান বিক্রম সিংহ মেহতা বলেন, “এই ক’দিন ইন্ডিগো বিমান সংস্থা যাত্রীদের হতাশ করেছে এবং সমস্যায় ফেলেছে। তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।” একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, ইন্ডিগো প্রত্যাশিত সময়ের আগেই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
তদন্ত ও ক্ষতিপূরণের আশ্বাস
মেহতা এক্স হ্যান্ডেলের মাধ্যমে আরও জানান যে, গত কয়েক দিনের বিমান বিভ্রাটে দেশের বিমানবন্দরগুলিতে কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। তিনি একটি বিশেষ টিম গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সমস্যার মূল কারণগুলি নির্ধারণ করার জন্য বাইরে থেকে প্রযুক্তিগত বিশেষজ্ঞদেরও নিয়োগ করা হবে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে যাতে যাত্রীরা এই ধরনের কোনো সমস্যার মুখে না পড়েন, তার জন্য সংস্থা সমস্ত রকম ব্যবস্থা নেবে।
ডিজিসিএ-কে জবাবদিহি এবং ৬১০ কোটি টাকা ফেরত
দীর্ঘ এক সপ্তাহের চূড়ান্ত অব্যবস্থা এবং অচলাবস্থা কাটিয়ে দেশের বৃহত্তম উড়ান সংস্থা ইন্ডিগো ধীরে ধীরে স্বাভাবিক পরিষেবায় ফিরেছে। তবে এই ব্যাপক ভোগান্তির জন্য ইন্ডিগো যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে বলে জানানো হয়েছে। এই বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করার জন্য ডিজিসিএ-এর কাছে সংস্থার সিইও-কেও জবাবদিহি করতে হয়েছিল। তবে বর্তমানে পরিষেবা অনেকটাই স্বাভাবিক বলে দাবি করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।