ভুয়ো ভোটার রুখতে কড়া কমিশন, SIR প্রক্রিয়ার শেষ লগ্নে এসে BLO/BLA-দের জন্য নতুন নির্দেশিকা, আপলোড করতে হবে ‘মিটিং মিনিটস’-এর ছবি

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR – Special Intensive Revision) প্রায় শেষ লগ্নে এসেও নানারকম গরমিল এবং ভুয়ো ভোটারের অভিযোগ সামনে আসায় কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এনুমারেশন শেষ হওয়ার ঠিক আগের দিনই BLO (বুথ লেভেল অফিসার) এবং BLA (বুথ লেভেল এজেন্ট)-দের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, এবার থেকে নথির সঙ্গে ‘মিনিটস অফ মিটিং’-এরও ছবি আপলোড করতে হবে। এছাড়া, মৃত, খোঁজ না মেলা এবং স্থানান্তরিত হওয়া ভোটারদের ক্ষেত্রে আলাদাভাবে ‘ডিক্লারেশন’ আপলোডেরও নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই কমিশন এই পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (আগামীকাল) এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন।

‘প্রোজেনি ম্যাপিং’ নিয়ে উদ্বেগ:

BLO-দের অ্যাপে নতুন অপশন যুক্ত করা হলেও, নিত্যনতুন নিয়ম এবং নির্দেশিকা নিয়ে তাদের একাংশ বিরক্ত। এরমধ্যেই রাজ্যে ‘প্রোজেনি ম্যাপিং’-এর সংখ্যা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নির্বাচন কমিশনের। সেলফ ম্যাপিং-এর চেয়ে এই প্রোজেনি ম্যাপিং-এর সংখ্যা তুলনায় বেশি হচ্ছে, যা মূলত সীমান্তবর্তী এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। কমিশন মনে করছে, ডেটা চেকিং করার ক্ষেত্রে BLO-দের খামতি রয়েছে।

বাদ পড়ার তালিকায় সাড়ে ৫৭ লক্ষ ভোটার:

সূত্রের খবর অনুযায়ী, SIR-এ এখনও পর্যন্ত সাড়ে ৫৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদের তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে প্রায় ২৫ লক্ষ, স্থানান্তরিত হিসেবে প্রায় ২০ লক্ষ এবং খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার প্রায় সাড়ে ১১ লক্ষ। এছাড়া ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে প্রায় সাড়ে ১৩ লক্ষ। কমিশনের নজরে এসেছে ১৩ লক্ষ ৭৪ হাজার ৬৬০ ভোটারের অসঙ্গতি।

BLO-র বাড়িতে হামলা ও কেন্দ্রীয় বাহিনীর জল্পনা:

BLO-দের সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জল্পনা-বিতর্কের মধ্যেই খড়দার ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছে। সূর্যসেন নগরে BLO-র বাড়িতে পরশু রাতে দুষ্কৃতীরা ইট-পাটকেল ছোড়ে, যার জেরে বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। বাড়ির সামনে নোংরা করার অভিযোগও করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত অন্য BLO-রা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টে সওয়াল-জবাব পর্বে কমিশনের মন্তব্যের জেরে জল্পনা শুরু হয়েছে, SIR পর্ব চলাকালীনই কি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে?