রহস্য ঘনাচ্ছে ঝাড়গ্রামের চিড়িয়াখানায়, মা লেপার্ডের এনক্লোজার থেকে উধাও এক শাবক, ‘মায়ের কামড়ে মৃত্যু’র দাবি কর্মীদের একাংশের

শীতের রোদ পোহাতে মা লেপার্ড হর্ষিণীর সঙ্গে তার তিনটি শাবকের খেলার দৃশ্য দেখতে প্রতিদিন ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পর্যটকদের ভিড় লেগে থাকত। বহু দর্শনার্থী সেই দৃশ্য ক্যামেরাবন্দী করতে বা রিলস্ বানাতে ব্যস্ত থাকতেন। কিন্তু গত এক সপ্তাহ ধরে সেই তিনটি শাবকের মধ্যে একটিকে আর দেখা যাচ্ছে না এনক্লোজারে।

এই ঘটনার জেরে চিড়িয়াখানার ব্যবস্থাপনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

শাবকের মৃত্যু নিয়ে জল্পনা:

চিড়িয়াখানার কর্মীদের একাংশের দাবি, প্রায় সপ্তাহখানেক আগে এনক্লোজারের মধ্যেই মায়ের কামড়ে ওই শাবকটি গুরুতর আহত হয়। তাতেই মৃত্যু হয়েছে শাবকটির। কর্মীদের দাবি, এই ঘটনার ময়নাতদন্তও নাকি সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, ঘটনাটির বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে বন দফতর।

অন্যদিকে, জেলা বনাধিকারিক (ডিএফও) উমর ইমাম বর্তমানে ছুটিতে রয়েছেন। তাঁর দায়িত্ব সামলাচ্ছেন মেদিনীপুরের ডিএফও দীপক এম। তিনি জানান, চিড়িয়াখানায় ঠিক কী ঘটেছে, সে সম্পর্কে এখনও রহস্য রয়েছে, তাই জল্পনা বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা অবশ্য শোকাহত গলায় বলছেন অন্য কথা। তাদের মতে, খেলার সময় মায়ের কামড়ে আহত হয়েই শাবকটির মৃত্যু হয়েছে।

আক্ষেপ স্থানীয়দের:

এই ঘটনায় এলাকার মানুষ শোকাহত। তাঁদের বক্তব্য, যে ভাবে জঙ্গমহল জুলজিক্যাল পার্কে বনজ সম্পদ বাড়ছে, তাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। নতুন আসা তিন অতিথির মধ্যে একজন কমে গেল। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেদিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় মানুষজন।