১৩ বছর পর কলকাতা মাতাবেন এ আর রহমান! নতুন বছরে ‘সিটি অফ জয়’-এ হবে পাঁচ ঘণ্টার মেগা কনসার্ট

সঙ্গীতপ্রেমীদের জন্য বড় খবর! দীর্ঘ ১৩ বছর পর ফের কলকাতায় কনসার্ট করতে আসছেন অস্কার জয়ী বিশ্বখ্যাত সুরকার এ আর রহমান। নতুন বছরের শুরুতেই সুরের মূর্ছনায় ‘সিটি অফ জয়’কে ভাসিয়ে দেবেন তিনি।

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি এ আর রহমানের এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হবে কলকাতায়। অনুষ্ঠানটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলবে। যদিও কনসার্টের ভেন্যু (venue) এখনও পর্যন্ত উদ্যোক্তারা ফাঁস করেননি।

শেষবার এ আর রহমান ২০১২ সালে কলকাতায় কনসার্ট করেছিলেন। তাঁর কনসার্ট ছাড়াও বছর তিনেক বাদে কিংবদন্তি ফুটবলার পেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। এবার ফের একবার ‘রহমান ম্যাজিক’-এর সাক্ষী হতে চলেছে কলকাতা।

প্রতি বছর শীতের মরশুমে কলকাতায় বিশ্বখ্যাত শিল্পীরা কনসার্ট করতে আসেন। গত বছরও বিশ্বখ্যাত ব্রায়ান অ্যাডামস, পাশাপাশি দিলজিৎ দোসাঞ্ঝ, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম-এর মতো শিল্পীদের হাইভোল্টেজ কনসার্টের সাক্ষী থেকেছেন শহরবাসী। সেই তালিকায় এবার যোগ দিতে চলেছেন এ আর রহমান। সুদীর্ঘ কর্মজীবনে দক্ষিণী ও হিন্দি ছবির পাশাপাশি হলিউডের ছবিতেও কাজ করেছেন এই সুরকার, এবং অসংখ্য কালজয়ী হিট গান তাঁর ঝুলিতে রয়েছে।